তিনি বেকহামের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন দেখতেন বড় মাপের ফুটবলার হবেন। লেটন ওরিয়েন্ট ক্লাবের ট্রায়ালে একবার টিকেও গিয়েছিলেন। কিন্তু ফুটবলার হিসেবে বেশি দূর এগোতে পারেননি। ফুটবলে নিজের অপূর্ণ স্বপ্নটাকে পূর্ণতা দিতে চেয়েছিলেন ছেলেকে দিয়েই। এ প্রচেষ্টায় পুরোপুরি সফল ডেভিড এডওয়ার্ড অ্যালান ‘টেড’ বেকহাম। তাঁর ছেলের নাম শোনেনি বিশ্বে এমন লোকের সংখ্যা খুব কম। ছেলের সাফল্যসূত্রে তাঁকেও চেনে মানুষ। রাস্তাঘাটে দেখলে বলে ওঠে, ‘ওই দ্যাখ, ডেভিড বেকহামের বাবা।’ধানমন্ডির বাবুর্চি রেস্তোরাঁয় সেদিন রাজ্যের ভিড়। বেশির ভাগ লোকই পরিবার নিয়ে এসেছে রাতের খাবার খেতে। কাঁটা চামচের টুংটাং শব্দ, আর নিজেদের মধ্যে খোশগল্পে মত্ত তারা। পাশের টেবিলে বসা কয়েকজন ব্রিটিশ নাগরিকের দিকে কারও ভ্রুক্ষেপই নেই। থাকত, যদি বাবা টেড বেকহামের বদলে ছেলে ডেভিড বেকহাম এখানে ডিনারে আসতেন। আর ভ্রুক্ষেপ দেবেই বা কী করে? ক্রীড়ার টিভি চ্যানেলগুলো খুললে হরহামেশা বেকহামকে দেখা গেলেও তাঁর বাবাকে কজনাই বা দেখেছে। আর তিনি বাংলাদেশেই বা আসবেন কেন? রেস্তোরাঁর একটা টেবিলজুড়ে স্বদেশিদের সঙ্গে বসে থাকা ষাট ছুঁই ছুঁই ভদ্রলোক টেড বেকহামকে তাই সেদিন চিনতে পারেনি আশপাশের লোকজন। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্যানারি ওয়ার্ফ গ্রুপের আমন্ত্রণে টেড সপ্তাহ খানেকের জন্য ঢাকায় এসেছিলেন। ডেভিড বেকহামের ফুটবল একাডেমি থেকে পাওয়া বাংলাদেশের ২৩ খুদে ফুটবলারের অনুশীলনটা কতটা কাজে দিয়েছে, সেটা সরেজমিনে দেখতে।বড় ফুটবল-তারকার বাবা, অথচ একটুও অহমিকা নেই। যা আছে, সেটা ছেলেকে নিয়ে গর্ব। এ পর্যন্ত বেকহাম হাতে যতগুলো ফুটবল কবজিবন্ধনী পরেছেন, সব কটিই যত্ন করে রেখে দিয়েছেন। ছেলেকে নিয়ে লেখা পত্রপত্রিকার প্রতিবেদন এখনো কেটে রাখেন।টেড শুধু ছেলের খেলারই ভক্ত নন, ম্যানচেস্টার ইউনাইটেডেরও অন্ধ সমর্থক। তাই ওল্ড ট্রাফোর্ডের দলটিতে বেকহামের প্রথম চুক্তিবদ্ধ হওয়াটা টেড পরিবারে স্বপ্ন সত্যি হওয়ার মতো হয়েই আসে। শুরুর দিকে বেকহামের প্রতিটা ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থাকতেন। এসেক্সের চিংফোর্ড থেকে ২০০ মাইল গাড়ি চালিয়েও স্ত্রীকে নিয়ে উপস্থিত হতেন ওল্ড ট্রাফোর্ডে, ম্যানইউর ম্যাচ দেখতে।যে ছেলের সাফল্যের আলোয় তিনি ‘আলোকিত’ বাবা, সেই ডেভিড বেকহাম শৈশব-কৈশোরে কেমন ছিলেন? ‘ভীষণ দুষ্টু’—বলে একটু দম নিলেন। পরে বলে গেলেন, ‘বাচ্চারা যেমন হয় আর কি! কিন্তু ওর যে প্রতিভা ছিল, তা বোঝা গিয়েছিল ওই বয়সেই।’ ডেভিড বেকহাম খুবই ফ্যাশনসচেতন। ঘন ঘন চুলের স্টাইল বদলানোটা বেকহামের কাছে নেশার মতো বলে জানালেন টেড, ‘ইয়াং গাই, যখন যেটা মন চায়, সেটাই করে।’ তবে বাবা বেকহামের প্রশংসাও ঝরল টেডের মুখে, ‘হাজারো ব্যস্ততার মধ্যেও সন্তানদের সময় দেয়, ওদের যত্ন নেয়।’টেডকে চমৎকার একটি এস-ক্লাস জাগুয়ার গাড়ি কিনে দিয়েছেন ছেলে। ‘ইটস গর্জিয়াস’—এমন ভঙ্গিতে বললেন, তাতে ছিল ছেলেকে নিয়ে উপচে পড়া গর্ব। গর্ব তো হবেই। অতীতের দিনগুলো এখনো যে ভাসে তাঁর চোখের সামনে, ‘আমি ওর ফুটবলার হয়ে ওঠার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। ও যখন ছোট, খেলার জন্য সারাক্ষণ পার্কে পড়ে থাকতাম। গোলবারের একদিকে থাকতাম আমি, অন্যদিকে ডেভিড। ও শুধু বল ক্রসবারে লাগাত। অনেক সময় ওর ওপর রেগে যেতাম নানা কারণে।’ ঠিক কী কী কারণে সেটা জানালেন না। শুধু বললেন, ‘আমি খুশি, কারণ, আমি তাকে নিয়ে যা চেয়েছিলাম, তা হতে পেরেছে ডেভিড।’‘আমি খুশি’ না বললেও হতো। কারণ, কথাটা যখন বলছিলেন, ছেলেকে নিয়ে গর্বের একটা রং ছড়িয়ে পড়েছিল টেডের সাহেবি মুখাবয়বে। বদিউজ্জামান