তিনি রণতরী ছেড়ে যেতে চাননি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযান১২ অক্টোবর। দুটি গানবোট দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু—বিএনএস পদ্মা ও বিএনএস পলাশ। গানবোট দুটি আগে কলকাতা পোর্ট কমিশনের লঞ্চ হিসেবে ব্যবহূত হতো। নাম ছিল অজয় আর অক্ষয়। ৪৫ জন নৌসেনা সম্মিলিতভাবে দিনরাত কঠোর পরিশ্রম করে বোট দুটিকে ৮ অক্টোবরের মধ্যে গানবোটে রূপান্তর করেন। খিদিরপুর ডকইয়ার্ডে প্রতিটি গানবোটে একটি করে ৭০০ অশ্বশক্তির ইঞ্জিন ও দুটি করে বিমানবিধ্বংসী কামান যুক্ত করা হয়। এ ছাড়া আয়রন ডেকের উভয় পাশে চারটি করে নয় ফুট লম্বা মার্কওয়ান গ্রাউন্ড মাইন দিয়ে সজ্জিত করা হয়। বাঙালি নৌ অফিসারের অভাবে ভারতীয় অফিসার লেফটেন্যান্ট কমান্ডার কে পি রায় চৌধুরীকে পদ্মা এবং লেফটেন্যান্ট সুশীল কুমার মিত্রকে পলাশের অধিনায়ক নিযুক্ত করা হয়। ইঞ্জিন আর্টিফিসার মো. রুহুল আমিন পলাশের প্রধান আর্টিফিসারের এবং একই সঙ্গে দুটি গানবোটেরই স্কোয়াড্রন ইঞ্জিনিয়ারের দায়িত্বে।৭ ডিসেম্বর পদ্মা ও পলাশ যাত্রা করে খুলনার উদ্দেশে। সঙ্গে ভারতীয় রণতরী আইএনএস পানভেল। লক্ষ্য, বিএনএস তিতুমীর দখল। ৮ ডিসেম্বর সকাল আটটা। সীমান্ত নদী রায়মঙ্গল (সাতক্ষীরা) অতিক্রম করা মাত্রই পদ্মা ও পলাশের নাবিকেরা জাতীয় সংগীত গাইতে গাইতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। ৯ ডিসেম্বর রাতে বিনা বাধায় হিরণ পয়েন্ট, ১০ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় পানভেলসহ তিনটি রণতরী মংলা বন্দরে পৌঁছায়। রণতরী হতে নাবিকদের ‘জয় বাংলা’ ধ্বনি চারদিক মুখর করে তোলে। ‘জয় বাংলা’ ধ্বনি শুনে বন্দরে অবস্থানরত শ্রমিক, জনতা তাঁদের অভিনন্দন জানায়।চূড়ান্ত অভিযানের লক্ষ্যে গানবোটগুলো সকাল সাড়ে নয়টায় খুলনার উদ্দেশে যাত্রা করে। সবার আগে পানভেল, মাঝখানে পলাশ এবং সবশেষে পদ্মা। গানবোটগুলো দুপুর ১২টায় ভৈরব নদ অতিক্রম করে খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি পৌঁছায়।আকাশের অনেক উঁচুতে চারটি বোমারু বিমান উড়ছিল। হয়তো হানাদার বাহিনীর বিমান এখনই বোমা বর্ষণ করবে। পদ্মা ও পলাশ থেকে নাবিকেরা বিমানগুলোকে লক্ষ্য করে গুলি করার জন্য অধিনায়ক লে. কমান্ডার চৌধুরীর অনুমতি চাইলেন। অধিনায়কের সম্মতি পাওয়া গেল না। ওই সব বিমান গানবোটগুলোর ওপর উপর্যুুপরি বোমা ফেলতে লাগল। অল্পক্ষণের মধ্যেই পদ্মার ইঞ্জিনরুম আগুন ধরে বিধ্বস্ত হলো। বহু নাবিক হতাহত হলেন। পলাশের ইঞ্জিনরুম তখনো সচল ছিল। কিন্তু অধিনায়ক তড়িঘড়ি পলাশ পরিত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে নাবিকদের নির্দেশ দিলেন। ইঞ্জিন আর্টিফিসার মো. রুহুল আমিন এতে উত্তেজিত হয়ে ওঠেন। তিনি রণতরী ছেড়ে যেতে রাজি হননি। তিনি আবার ইঞ্জিনরুমে আসেন। ততক্ষণে বোমারু বিমানগুলো পুনরায় উড়ে এসে পলাশের ওপর গোলাবর্ষণ শুরু করে। রুহুল আমিনের ডান হাত বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়। পলাশের ইঞ্জিনরুমে আগুন ধরে যায়। গোলাবারুদগুলো ফুটতে থাকে বিকট শব্দে। রুহুল আমিন আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ প্রচেষ্টা চালান এবং গানবোটটি ভাসমান রেখে শত্রুর ওপর আক্রমণের চেষ্টা করেন। কিন্তু তা আর সম্ভব হলো না। তিনি নদীতে ঝাঁপ দেন এবং বাম হাত দিয়ে সাঁতার কেটে কোনোমতে চলে আসেন নদীর পূর্ব পাড়ে। শত্রুর ভয়ে এলাকাটি আগেই জনমানবশূন্য হয়ে যায়। বোমার আঘাতে ক্ষতবিক্ষত রুহুল আমিনকে সাহায্য করার জন্য কাউকে পাওয়া গেল না। একপর্যায়ে তাঁর প্রাণপ্রদীপ নিভে গেল। বাংলা মায়ের দামাল ছেলে চিরবিদায় নিলেন। এদিন হতাহত হন পদ্মা, পলাশ ও পানভেলের অনেক নৌসেনা। স্বাধীনতার পর ইঞ্জিন আর্টিফিসার মো. রুহুল আমিনকে দেশের জন্য আত্মাহুতি দেওয়ায় বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।নোট: পরে জানা যায়, ভারতীয় বিমান থেকে ভুলবশত আক্রমণ চালানো হয়, যাতে পদ্মা ও পলাশ ধ্বংস হয়।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা