তিন্নি ফের বড় পর্দায়
আলোচিত মডেল ও অভিনেত্রী তিন্নির বড় পর্দায় অভিষেক হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ডিজিটাল চলচ্চিত্র ‘ডুবসাঁতার’। অভিনেত্রী সূত্রে এ কথা জানা গেছে। তিন্নি বলেন, ‘ছবিটির কাজ করেছি ২০০৯ সালে। শুনেছি এ মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি আসলে অনেক আনন্দের সংবাদ। এরই মধ্যে ছবিটি চ্যানেল আই এবং পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবেও প্রদর্শিত হয়েছে।’ ডুবসাঁতার পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।তিন্নি আরও বলেন, ‘ডুবসাঁতার ছবিতে আমার উপস্থিতি খুব বেশি সময়ের জন্য না হলেও কাজটি করে অন্য রকম অভিজ্ঞতা হয়েছে।’ডুবসাঁতার প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তিন্নি উন্মুখ হয়ে আছেন সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ ছবির মুক্তির প্রতীক্ষায়। এই ছবিতে তিন্নি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। তিনি বলেন, চলচ্চিত্রে নিয়মিত কাজ করার ব্যাপারটি নির্ভর করবে এই ছবির সাফল্যের ওপর। অনেক দিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি ছন্দমেলা নামের এক ঘণ্টার একটি নাটকের শুটিং করেছেন তিন্নি। এতে তাঁর সহশিল্পী ছিলেন কল্যাণ।