তিন্নি হত্যা মামলা: পরবর্তী সাক্ষ্য ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম আদালতে জবানবন্দি দেন। এ মামলার আসামি জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক ওরফে অভি পলাতক। মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার পরও হাজির না হওয়ায় আদালত তাঁর অনুপস্থিতিতেই আজ সাক্ষ্য গ্রহণ শুরু করেন। গত বছরের ১৪ জুলাই আসামি গোলাম ফারুকের অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করা হয়।গোলাম ফারুকের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী শাহ ইলিয়াস এক আবেদনে বলেন, আসামি গোলাম ফারুক কানাডায় প্রবাসী। তিনি দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত সময় চান। আদালত তা নাকচ করে সাক্ষ্য গ্রহণ করেন।প্রসঙ্গত, ২০০২ সালের ১০ নভেম্বর তিন্নি খুন হন। ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। পরের দিন কেরানীগঞ্জ থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) সফিউদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নিহত তিন্নির লাশ শনাক্ত হওয়ার পর তিন্নির স্বামী পিয়াল ও কাজের মেয়ে বীণাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত করে ২০০৮ সালের ৮ নভেম্বর গোলাম ফারুক অভিকে আসামি করে অভিযোগপত্র দেয়। স্বামী পিয়ালসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্তকালে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করে সিআইডি। আদালত অভিযোগপত্র গ্রহণ করে পাঁচজনকে অব্যাহতির আদেশ দেন। চলতি বছরের ১৪ জুলাই একমাত্র আসামি অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।