তিরিশ মাতানো মাইলস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রক ও পপসংগীতের জনপ্রিয় গানের দল মাইলস তাদের ৩০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে গ্রামীণফোন আয়োজিত এক কনসার্টের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তি উদ্যাপন করে মাইলস।অনুষ্ঠানের শুরুতে একটি অডিও-ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে মাইলসের ৩০ বছরের কার্যক্রম তুলে ধরার পর উপস্থিত সবাই দলের প্রয়াত সদস্য হ্যাপি আখন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তী সময়ে মাইলসের চিরচেনা সুর মাতিয়ে তোলে দর্শকদের।এরপর অনুষ্ঠান মাতাতে একে একে যোগ দেন মাইলস ব্যান্ডের সাবেক সদস্য ফরিদ রশিদ, কামাল মইনুদ্দিন, ইশতিয়াক ও বিশেষ অতিথি ফোয়াদ নাসের বাবু। তাঁদের পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে। এরপর হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, মাহবুব ও ফরিদ মাইলসের আশির দশকের জনপ্রিয় গানগুলো উপস্থাপন করেন। মাইলসের বর্তমান সদস্যরা তাঁদের নতুন কিছু গানও পরিবেশন করেন।অনুষ্ঠানে ওয়ারফেজ, ফিডব্যাক, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, অর্থহীন এবং ক্রাল ব্যান্ডের সদস্যরাও নিজেদের গান পরিবেশন করার পাশাপাশি মাইলসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে গ্র্যামি পুরস্কারজয়ী ভারতের গায়ক বিক্রম ঘোষ ও পাকিস্তানের বিখ্যাত সংগীতজ্ঞ মিকাল হাসান অংশ নেন।দলের ৩০ বছর পূর্তিতে উচ্ছ্বসিত মাইলসের সদস্যরা। ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ বলেন, ‘এটি আমাদের এক বিস্ময়কর যাত্রা। ৩০ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আমাদের অনুরাগীদের কাছে কৃতজ্ঞ। তাঁদের সমর্থনেই এটি সম্ভব হয়েছে।’শাফিন আহমেদ আরও বলেন, ‘মাইলসের যাত্রা শুরু হয়েছিল ইন্টার কন্টিনেন্টাল হোটেলে। তাই আমাদের ৩০ বছর পূর্তির শুরুর অনুষ্ঠানটি এখানেই করেছি। তবে ৩০ বছর পূর্তির আরও অনুষ্ঠান অব্যাহত থাকবে।’অনুষ্ঠানে গ্রামীণফোন লিমিটেডের হেড অব মার্কেটিং কমিউনিকেশনস সাজিদ রিজওয়ান মতিন বলেন, ‘গ্রামীণফোন সব সময় বাংলাদেশি সংগীত ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। ব্যান্ড দল মাইলস ৩০ বছর ধরে অনেক মাইলফলক নির্মাণ স্থাপন করেছে। তাদের এই সাফল্য উদ্যাপন করতে সব ভক্তের জন্য এই মেগা কনসার্ট আয়োজন করা হয়েছে। আমি তাঁদের বৈচিত্র্যপূর্ণ সংগীত এবং দীর্ঘ ৩০ বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাই।’অনুষ্ঠানের শেষে সব শিল্পী স্টেজে এসে একসঙ্গে মাইলসের জনপ্রিয় গান পরিবেশন করেন।উল্লেখ্য, ২০১১ সালে গ্রামীণফোনের সহযোগিতায় মাইলস তাদের নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ ডিজিটাল আকারে প্রকাশ করেছিল।