মোদের গরব মোদের আশা: ২১ ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা আন্দোলন যে আগুন ছড়িয়েছিল, তা এনে দিয়েছিল স্বাধীনতা। মাতৃভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোতে ভাষার সংকট, সম্ভাবনা ও বৈচিত্র্য নিয়ে লিখছেন এম এ মোমেন
তিরিশ লাখের কণ্ঠভেদী আওয়াজ শুনে যা
ভাষার জন্য শহীদ হওয়া যায়, এই আলোকিত মৃত্যুর অহংকারও ঐশ্বর্যের ভাষার জন্য প্রাণ দিতে শেখায়। বায়ান্নর বাংলাদেশ ভাষা-দমনে পীড়িত ও ক্ষুব্ধ সবাইকে উজ্জীবিত করেছে। বাংলাদেশের কাছের প্রতিবেশী ভারতের আসাম রাজ্যের বাঙালিরাও বাংলা ভাষার জন্য অকাতরে জীবন দিয়েছেন, একুশে ফেব্রুয়ারি ১৯৫২-এর মতোই তাঁদের রক্তে সিক্ত হয়েছে ১৯ মে ১৯৬১। সেদিন মধ্যাহ্নে রাজ্যটির কাছাড় জেলার শিলচরে ক্ষুব্ধ ভাষা আন্দোলনকারীদের ওপর পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়; মৃত্যুমুখে ঢলে পড়েন ১১ জন ভাষাসৈনিক—শচীন্দ্র পাল, হীতেশ বিশ্বাস, সুকোমল পুরকায়স্থ, কুমুদ দেব, সত্যেন্দ্র দেব, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, বীরেন্দ্র সূত্রধর, তরণী দেবনাথ, সুনীল সরকার এবং একজন তরুণী—কমলা ভট্টাচার্য।তাঁদের মিছিলের কথা ছিল—জান দেব, জবান দেব না। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের মতোই শহীদ ১১ ভাইবোনকে নিয়ে হূদয়ছোঁয়া কবিতা রচনা করেছেন শক্তিপদ ব্রহ্মচারী:দশটি ভাই চম্পা আর একটি পারুল বোনকলজে ছিঁড়ে লিখেছিল ‘এই যে ঈশান কোণ—কোন ভাষাতে হাসে-কাঁদে কান পেতে তা শোন’শুনলি না? তো এবার এসে কুচক্রীদের ছা—তিরিশ লাখের কণ্ঠভেদী আওয়াজ শুনে যা—‘বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা।’(চন্দ্রিমা দত্তের ‘আসামে বাংলা ভাষা সংগ্রামের ৫০ বছর’ থেকে উদ্ধৃত)শুরুতেই দ্বৈত ট্র্যাজেডির শিকার শিলচর। অবিভক্ত বাংলায় শিলচর সিলেট জেলারই অংশ ছিল। একসময় বাংলা থেকে বিচ্ছিন্ন করে তা আসামের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। অস্থিতিশীলতার শুরু তখন থেকেই। তারপর আবার সাতচল্লিশের বিভাজনের সময় চারটি মহকুমাকে সুরমা ভ্যালি থেকে বিচ্ছিন্ন করে আবার পূর্ব বাংলায় অঙ্গীভূত করা হয়। রয়ে যাওয়া খণ্ডিত অংশের অস্থিতিশীলতা আরও বেড়ে যায়। বাঙালিরা সেখানে নিজ ভূমিতে পরবাসী হয়ে পড়ে। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত হয় বরাক ভ্যালি। সাতচল্লিশের খেয়ালি ভাঙাগড়া অসমিয়া জাতীয়তাকে উসকে দেয়; রব ওঠে—আসাম কেবল আসামিদের। তখন বাঙালি তাড়ানোর সহিংস আন্দোলনও প্রশ্রয় পেয়ে যায়।একসময় অসমিয়া রাজ্যের স্বীকৃত ভাষা হিসেবে রাজ্যভাষা নাম পেয়ে যায় আসামিজ, বাংলা হয়ে পড়ে উপেক্ষিত জনের ভাষা। ক্রমে আসামের রাজ্যসীমায় জন্মগ্রহণকারী ও বসবাসকারী বাংলা ভাষাভাষী সবাই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে শুরু করে। তাদের ওপর শারীরিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হতে থাকে। স্বাধীনতা-উত্তর আদমশুমারিতে বাঙালির সংখ্যার অবিশ্বাস্য হ্রাস ও অসমিয়ার সংখ্যার অবিশ্বাস্য বৃদ্ধি দেখিয়ে বাংলা ভাষাভাষীদের আরও প্রান্তবর্তী জনগোষ্ঠীতে পরিণত করা হয়। সমঝোতা হয়নি। ১৯৪৮ সালে এই দুই জবানের মানুষের মধ্যে দাঙ্গা হয়। পূর্ব বাংলার বাঙালিরা যেমন উর্দুকে, আসামের বাঙালিরাও তেমন অসমিয়া ভাষাকে প্রত্যাখ্যান করে।১৯৬০ সালে বাংলাকে রাজ্যভাষা করার আন্দোলন জোরদার হয়ে ওঠে। তবে আন্দোলনকারীদের স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়, অসমিয়াই একমাত্র রাজ্যভাষা, বাংলার স্বীকৃত হওয়ার কোনো সুযোগ নেই। বাধ্যতামূলক অসমিয়া শিক্ষার ফরমান জারি হওয়ার পর মরিয়া হয়ে ওঠে বাঙালিরা। শিলচরের গান্ধীবাগে ১৯৬০-এর ২-৩ জুলাই দুই দিনের ‘নিখিল আসাম বাংলা সম্মেলন’ আহ্বান করা হয়। এর মধ্য দিয়ে অভূতপূর্ব একটি গণজাগরণ তৈরি হয়। তখন ভারতের অন্যান্য স্থানে হিন্দি-বিরোধী অসন্তোষ ও আন্দোলন দানা বাঁধছে। সম্মেলনের দ্বিতীয় দিন শুরু হয় ভয়াবহ দাঙ্গা। এই প্রেক্ষাপটেই অসমিয়াকে পাকাপাকিভাবে রাজ্যভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তোলা বিল ২৪ অক্টোবর পাস হয়।আসামের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাঙালিরা তারপর মরণকামড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুরু হয় ব্যাপক আন্দোলন এবং অন্যদিকে সহিংস প্রতিরোধ। ’৬১ সালের ১৯ মে ডাকা হয় হরতাল। প্রতিরোধে নামে সেনাবাহিনী ও পুলিশ। তাদের গুলিতে শিলচর রেলস্টেশনে লুটিয়ে পড়েন ১১ জন ভাষাসংগ্রামী।১৯৬৬ সালে বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত হয়—বরাক ভ্যালির কাছাড়ে অসমিয়া ও বাংলা এখন সমমর্যাদায়। ১৯৮৬ সালে আবার উচ্চশিক্ষার ভাষা হিসেবে কেবল অসমিয়াকে প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হলে নতুন আন্দোলন শুরু হয়।বাঙালিরা চেয়েছে শিলচর স্টেশনের নাম হোক ‘ভাষাশহীদ রেলওয়ে স্টেশন’। কিন্তু রেলওয়ে যেহেতু কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের নয়; নতুন নামকরণে বাধা আসারই কথা।ভাষার জন্য একসঙ্গে ১১টি মৃত্যুর নজির আর নেই।