টিলায় গাছ লাগালেই মরে যেত। না ছিল ছায়া, না ছিল মায়া। ছিল না পানিও। যুগ যুগ ধরে অযত্ন-অবহেলায় পড়ে ছিল টিলাগুলো। রুক্ষ সেই টিলায় এখন প্রাণের ছোঁয়া। গড়ে উঠেছে ঔষধি গাছের বিশাল বাগান। রয়েছে ৩৭ জাতের প্রায় এক লাখ ঔষধি গাছ। ১৪ বছর ধরে একটু একটু করে এই বাগান গড়ে তুলেছেন রেজাউর রহমান।আগামী বছরের এপ্রিলে ওই বাগান থেকে ওষুধ তৈরির ভেষজ কাঁচামাল সরবরাহ করবেন রেজা। এ জন্য এরই মধ্যে তিনটি ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর।যেভাবে শুরু: রেজাউর (৫০) সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার বাসিন্দা। সবাই তাঁকে রেজা নামে চেনে। একসময় ঠিকাদারি ব্যবসা করতেন। এরপর শুরু করেন ওষুধ বিক্রির ব্যবসা (ফার্মেসি)। ওষুধের ব্যবসা করার সুবাদে মাথায় চিন্তা আসে ঔষধি গাছের বাগান করার। সেই চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়ান বেশ কিছুদিন। এরপর বের হন জমির খোঁজে। ১৯৯৭ সালের শেষের দিকে একদিন ব্যক্তিগত কাজে গিয়েছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে। সীমান্তবর্তী একটি টিলা দেখে তাঁর পছন্দ হয়। কিন্তু প্রথমেই ওই টিলাটি কিনতে পারেননি। পাশেই কেনেন দুই একর জমি। এরপর টিলাটি কিনতে পারেন। রেজা বর্তমানে দুটি টিলার মালিক। পুরো বাগানে ২১ একরের মতো জমি। রেজার দাবি, তাঁর বাগানটি ব্যক্তি-উদ্যোগে গড়ে তোলা দেশের সবচেয়ে বড় ঔষধি গাছের বাগান।রেজা তাঁর বাগানের নাম দিয়েছেন ‘এসুথ’। তিনটি শব্দের আদ্যাক্ষর দিয়ে এই নাম। এ-তে ‘এসো’, সু-তে ‘সুস্থ’ এবং থ-তে ‘থাকি’। সবাইকে নিয়ে সুস্থ থাকার চিন্তা থেকেই এই নাম দেন রেজা।চারার খোঁজে: বাগানের জন্য টিলার বন-জঙ্গল পরিষ্কার করতেই চলে যায় প্রায় দুই বছর। এরপর চারা লাগানোর উদ্যোগ নেন রেজা। কিন্তু সমস্যা হয় চারা সংগ্রহ নিয়ে। ঔষধি গাছের চারার খোঁজে অনেক জায়গায় ঘোরেন। যান ঢাকায় জাতীয় বৃক্ষমেলায়ও। সেখানে চারার দাম শুনে হতাশ হয়ে ফেরেন। একসময় বীজ সংগ্রহ করে নিজেই চারা উৎপাদন শুরু করেন। বীজ আনেন ভারত থেকেও। এরপর প্রায় পাঁচ বছর নিজের উৎপাদিত চারা পর্যায়ক্রমে বাগানে রোপণ করেন।উত্তর ইসলামপুর গ্রামের কৃষক শুকুর মিয়া (৫৫) বলেন, ‘লোকটা (রেজা) প্রতিদিন টাউন থাকি কত কষ্ট কইরা অত দূর যাওয়া-আসা করে। প্রথম মনে করতাম ইকানো (এখানে) কিতা অইব। এখন বাগানের গাছগাছালি দেইখা ভালোই লাগে। বেটার কষ্টটা সার্থক অইছে।’বাগানে যেসব গাছ: রেজার বাগানে শুধু ঔষধি নয়, ফলদ-বনজসহ ৩৭ জাতের গাছ রয়েছে। এর মধ্যে রয়েছে রক্তচন্দন (রঞ্জনা), অর্জুন, বহেরা, হরীতকী, বাসক, ছাতিম, চম্পাফুল, সোনালু, আমলকী, নিম, গামার, শিমুল, কালো ধুতরা, কাপাসতুলা, লজ্জাবতী, বানরলাঠি, থানকুনি, ওলটকম্বল, দূর্বা, আগর, তুলসী, পান ও টনালেবু।চিন্তা কমেছে: ১৪ বছর ধরে শহর থেকে বাইসাইকেলে করে বাগানে যাতায়াত করছেন রেজা। সুনামগঞ্জ শহর থেকে হালুয়ারঘাট এলাকায় সুরমা নদী পার হয়ে বাগানে যেতে হয়। আগে প্রায় প্রতিদিন যাওয়া-আসা করলেও এখন সপ্তাহে তিন দিন যান। যেদিন বাগানে যান, সেদিন খুব ভোরে ঘুম থেকে ওঠেন। সূর্য ওঠার আগেই পৌঁছে যান বাগানে। বাগানের গাছ বড় হওয়ায় এখন তাঁর চিন্তাও কিছুটা কম। বাগানের শুরু থেকেই গাছের চারা রোপণ ও পরিচর্যার জন্য সাতজন শ্রমিক কাজ করছেন। বর্তমানে প্রতি মাসে শ্রমিকের বেতনসহ খরচ হয় ৪০ হাজার টাকা। এ বছর বাগানের এক পাশে গরুর খামার শুরু করেছেন। খামারে গরু আছে ২০টি।একদিন বাগানে: ইসলামপুর গ্রাম থেকে রেজার বাগানে যাওয়ার জন্য প্রায় এক কিলোমিটার জমির আইল দিয়ে হাঁটতে হয়। বাগানে উঁচু টিলাজুড়ে শুধু গাছ আর গাছ। গাছের নিচে পানির পাইপ টানা। টিলার চূড়ায় পানির ট্যাংক। বাগান ঘুরে দেখার সময় রেজা বিভিন্ন ধরনের ঔষধি গাছ দেখিয়ে গাছগুলোর উপকারিতা সম্পর্কে বলতে থাকেন। যেমন: রক্তচন্দন মেয়েলি যাবতীয় রোগ নিরাময়ের কাজে লাগে। নিমগাছ মানুষের শরীরের জন্য খুবই উপকারী। বহেরা গাছ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাজ করে। শরীরের দুর্বলতা কমায়। ডায়রিয়া হলে এ গাছের পাতা বা বাকল পানির সঙ্গে মিশিয়ে পান করলে সুফল মেলে। হরীতকী হূদেরাগ, কুষ্ঠকাঠিন্য ও মূত্রাশয়ের রোগ নিরাময়ের ওষুধ তৈরিতে ব্যবহূত হয়।শুরু থেকেই বাগানের দেখাশোনায় আছেন ইসলামপুর গ্রামের ষাটোর্ধ্ব মন্তাজ মিয়া। তিনি বলেন, ‘প্রথম প্রথম এলাকার লোকজন বাগান করা নিয়ে হাসিঠাট্টা করত। এখন অনেকেই বাগান দেখতে আসে। তারা বাগানের প্রশংসা করে।’চুক্তি: রেজা জানালেন, আগামী এপ্রিল-জুন মাস থেকে স্কয়ার, হামদর্দ ও একিম ল্যাবরেটরিজ রেজার বাগান থেকে ভেষজ কাঁচামাল নেবে। এর মধ্যে স্কয়ার ফার্মা শুধু বাসকই নেবে এক লাখ কেজি। এর সঙ্গে রক্তচন্দনের ছাল, আমলকীও নেবে। এরই মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছে ৬০-৭০ হাজার টাকার আমলকী বিক্রি করেছেন রেজা।স্বপ্ন: জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদির বলেন, ‘রেজার ঔষধি বাগানের কথা এখন এলাকার সবাই জানেন। এটি একটি ভালো উদ্যোগ। ওই বাগানের পাশে আরও কিছু টিলা এমনিতেই পড়ে আছে। সেগুলোকেও কাজে লাগানো যেতে পারে।’পাশের চিনাউরা গ্রামের মুক্তিযোদ্ধা মদরিছ আলী, ইব্রাহিমপুর গ্রামের রজব আলী বলেন, ‘এলাকায় ঔষধি গাছের বাগান এটাই প্রথম। পাহাড়ে এভাবে বাগান করা যাবে আমরা ভাবতেই পারিনি। এখন সুযোগ পেলেই বাগান ঘুরে দেখে আসি।’রেজা বলেন, ‘ওষুধ তৈরির জন্য প্রতিবছর বিপুল পরিমাণ ভেষজ কাঁচামাল আমদানি করতে হয়। সেই তুলনায় আমাদের নিজস্ব জোগান একেবারে কম। বাগান করে শখ মিটেছে। এখন স্বপ্ন দেখি, দেশে ভেষজ ওষুধ তৈরির কাঁচামালের জোগানের অনেকটাই আমার বাগান থেকে দেওয়া হবে।’