জন্ম : ১৪ অক্টোবর, ১৯৭৬ জন্মস্থান : কালুতারা, কলম্বোপরিবার : স্ত্রী, এক ছেলে, এক মেয়েপ্রিয় ও অন্যান্যবন্ধু : আমার দুই সন্তানক্রিকেটে প্রিয় বন্ধু: চামিন্ডা ভাসক্রিকেটার : সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরনঅবসর কাটানোর জায়গা: ভারতের কয়েকটি জায়গা, অস্ট্রেলিয়াপোশাক : ক্যাজুয়াল কুমার সাঙ্গাকারার কাছে তিনি ‘জ্যাক অব অল ট্রেডস।’ ক্রিকেট মাঠে এমন কিছু নেই যা নাকি তিলকরত্নে দিলশান পারেন না। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই দিলশান একরকম ছিলেন ‘মাস্টার অব নান!’ক্যারিয়ারের প্রথম ১০ বছরজুড়েই দিলশান ভুগেছেন পরিচয়-সংকটে। দু-তিনবার বাদ পড়েছেন। তা ছাড়া এই পুরো সময়টাতেই বলতে গেলে ছিলেন স্কোয়াডের নিয়মিত মুখ। তার পরও যেন শ্রীলঙ্কা দলে অপরিহার্য ছিলেন না! টিম ম্যানেজমেন্টও এই দীর্ঘ সময়ে ঠিক বুঝে উঠতে পারেনি তাঁকে কীভাবে কাজে লাগানো যায়। পরীক্ষা-নিরীক্ষা যে হয়নি, তা নয়। কিন্তু দিলশান সফল হতে পারেননি। কিংবা বলা যায়, নির্দিষ্ট ভূমিকা ছিল না বলেই ব্যর্থ হয়েছেন!সর্বশেষ ২০০৭ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়ার পর নিজের সঙ্গে যুদ্ধে নামলেন দিলশান। অনেক ভেবে দেখলেন, সনাৎ জয়াসুরিয়ার অবসরে জায়গাটা ফাঁকা হবে শিগগিরই। সঙ্গে সঙ্গে ফোন সেই সময়ের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে, ‘আমি একটা নির্দিষ্ট জায়গা চাই, ওপেন করতে চাই!’ জয়াবর্ধনে অবাক, ‘আত্মবিশ্বাস আছে?’ ‘আমি মরিয়া...।’ জয়াবর্ধনের পরামর্শেই ঘরোয়া ক্রিকেটে ওপেনিং শুরু করলেন, প্রথম ম্যাচেই ১৩৫ বলে ১৮৮! আরও কয়েকটি বিধ্বংসী ইনিংস ফিরিয়ে আনল জাতীয় দলে। ওয়ানডের ওপেনিংয়ে অভিষেকেই ভারতের বিপক্ষে ৫৯ বলে ৬২। কিন্তু পরের দুই ম্যাচের ব্যর্থতায় বিশ্বাস হারালেন জয়াবর্ধনের। আবার নিচে নেমে আসা, আবার অস্তিত্ব-সংকট। ২০০৯ জানুয়ারিতে পাকিস্তানে আবার তাঁকে ওপেনিংয়ে তুলে আনলেন জয়াবর্ধনে। কী ভেবে জয়াবর্ধনে হঠাৎ সিদ্ধান্তটা নিয়েছিলেন, পরিষ্কার নয় এখনো। তবে দিলশানের ক্যারিয়ারের মোড় পাল্টে দিল ওই সিদ্ধান্ত। এবার সুযোগটা পুরোপুরি লুফে নিলেন। ওয়ানডের সাফল্যে টি-টোয়েন্টি, পরে টেস্টেও ওপেনিং। রানের ফোয়ারা ছুটল। এক বছরেই সবসুদ্ধ ১১ সেঞ্চুরি! পরিচয়-সংকটে ভোগা সেই দিলশান বছর খানেকের মধ্যেই বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের একজন! শ্রীলঙ্কার অধিনায়ক হওয়ার পর তো আর অপূর্ণতা বলেও কিছু রইল না। এখন তিনি সত্যিকার অর্থেই ‘জ্যাক অব অল ট্রেডস’!অথচ ক্রিকেট কখনোই তাঁর ধ্যান-জ্ঞান ছিল না। ভালো লাগত তাই খেলতেন। ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন অনেক পরে। শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, প্রথম মনোযোগ দিয়ে টিভিতে ক্রিকেট দেখেছেন ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের শেষ ১০ ওভার! শ্রীলঙ্কার বয়সভিত্তিক দলগুলোতে খেলা হয়নি। নিজ শহর কালুতারার টাউন ক্লাব দিয়ে ক্রিকেট শুরু, এরপর সিংহ স্পোর্টস ক্লাব, সেবাস্টিয়ান, ব্লুমফিল্ড ক্লাব হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলে। ১৯৯৯ সালে সুযোগ পেলেন জিম্বাবুয়ে সফরের শ্রীলঙ্কা দলে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই আট ঘণ্টা ব্যাটিং করে ১৬৩ রান, ওয়ানডে অভিষেকে ৩৫। তখনো কি ভাবতে পেরেছিলেন, এমন অস্থির এক ক্যারিয়ার অপেক্ষা করছে তাঁর সামনে? ক্রিকেট ক্যারিয়ারের মতো অস্থির তাঁর ব্যক্তিগত জীবনটাও। পুলিশের চাকুরে বাবা ছিলেন মালয় মুসলমান, মা বৌদ্ধ। দিলশানও মুসলমান পরিচয়েই বড় হয়েছেন, নাম ছিল তুয়ান মোহাম্মদ দিলশান। ১৬ বছর বয়সে বৌদ্ধধর্ম গ্রহণ করে নাম নিলেন তিলকরত্নে। ব্যাপারটা নিয়ে দিলশান কখনোই বলতে চান না। নিন্দুকেরা বলে, জাতীয় দলে সুযোগ পাওয়ার সুবিধার জন্যই নাকি ধর্ম পরিবর্তন করেছিলেন। তবে ঘনিষ্ঠজনদের দাবি, ছোটবেলা থেকেই মায়ের ধর্মের প্রতি বেশি আগ্রহ দিলশানের। খানিকটা বড় হয়ে সে পথই বেছে নিয়েছেন। ধর্ম পরিবর্তন করেছেন তাঁর ছয় বছরের ছোট ক্রিকেটার ভাইও নিশান মোহাম্মদ সাম্পাথ নাম পরবর্তন করে নিয়েছেন তিলকরত্নে সাম্পাথ। দীর্ঘদিনের বান্ধবী নিলাঙ্কা উইথানাগেকে বিয়ে করেছিলেন ২০০২ সালে, ২০০৭ তে ছাড়াছাড়ি। মাস খানেকের মধ্যে বিয়ে করেন জনপ্রিয় টিভি অভিনেত্রী মানজুলা থিলিনিকে। ২০০৮ আইপিএলের সময় দিল্লিতে ধুমধাম করে করেন বিয়ের অনুষ্ঠান। প্রথম স্ত্রীর ঘরের ছেলে, দ্বিতীয় স্ত্রীর মেয়ে নিয়ে এখন দারুণ সুখেই কাটছে দিন। ক্রিকেট ক্যারিয়ার যেমন স্থিতিশীল হয়েছে, তেমনই ব্যক্তিগত জীবনও। এভাবেই তাই এগিয়ে যেতে চান অনেক দূর, হারানো সময়টার ক্ষতিপূরণ করতে হবে না! আরিফুল ইসলাম