তিশমার ‘নো ডেবিট নো ক্রেডিট’
নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন তিশমা। ছবির নাম ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’। ‘নো ডেবিট নো ক্রেডিট’ শিরোনামের এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন তরুণ সংগীতপরিচালক জে কে। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। এ গানের মাধ্যমে প্রথমবারের মতো জে কের সুর-সংগীতায়োজনে গান গাইলেন তিশমা।গানের প্রসঙ্গে তিশমা বলেন, ‘আসলে প্লে-ব্যাক খুব বেছে বেছে করি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি জে কের সংগীতায়োজনে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলাম। একেবারেই ভিন্নধর্মী একটি কম্পোজিশনের গান এটি। গানটি সবারই ভালো লাগবে বলে আশা করি।’তিশমা আরও বলেন, ‘এক্সপেরিমেন্ট অ্যালবামের নতুন মিউজিক ভিডিও দুটিও দর্শকেরা বেশ পছন্দ করছেন। ইউটিউবে “কাকা ল জাইগা” মিউজিক ভিডিওটির সাফল্য আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। শ্রোতাদের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’এদিকে প্লে-ব্যাক ছাড়াও তিশমার সুর-সংগীতায়োজনের নতুন অ্যালবাম এক্সপেরিমেন্টের অ্যাঞ্জেল ও ভালোবাসি তোমায় গান দুটির মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে।অন্যদিকে সম্প্রতি ইউটিউবে তিশমার ২০০৫ সালে প্রকাশিত মাটির পুতুল অ্যালবামের জনপ্রিয় গান ‘কাকা ল জাইগা’র মিউজিক ভিডিওটি ছয় লাখ দর্শক পেয়েছে।প্রসঙ্গত, কয়েক দিন আগেই তিশমা একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ পরিচালিত কুসুমপুরের গল্প চলচ্চিত্রে। ‘আমায় পাগল করিলা’ শিরোনামের সেই গানটির সুরও করেছিলেন ফেরদৌস ওয়াহিদ।