আমি অনেকের সঙ্গেই বিভিন্ন চরিত্রে কাজ করেছি। একজনই যে শুধু আমার প্রিয় সহ-অভিনেত্রী, তা নয়। অবশ্য এদের মধ্যে একেকজন আছে, যার সঙ্গে কাজ করতে করতে সম্পর্কটা বেশ ভালো হয়েছে। তাদেরই একজন তিশা।অরণ্য আনোয়ার একদিন আমাকে বলল, কেবলই রাত হয়ে যায় নামের একটি ধারাবাহিক নাটক বানাবে। গল্পটা ভালো লাগল। শুনলাম, নতুন একটি মেয়ে এসেছে। ও হবে আমার নায়িকা, নাম তিশা। মনে পড়ল, টেলিভিশনে মেয়েটির বিজ্ঞাপনচিত্র দেখেছি।প্রথম দিনে মেয়েটির সঙ্গে দেখা হলো। সম্ভবত ক্লাস নাইন অথবা টেনে পড়ে। বাচ্চা একটা মেয়ে। মায়াভরা মুখ। দেখলেই ভালো লাগে। এই ভালো লাগা হচ্ছে এক ধরনের অনুভূতি। একটি শিশুর মুখ দেখলে যেমন মনের ভেতর ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়, তেমনি তিশার মুখটি দেখে ঠিক একই রকম ভালো লাগার অনুভূতি হলো আমার ভেতরে। কাজ করলাম। কাজ করতে করতে মনে হলো, মেয়েটি বেশ মিষ্টি। কিন্তু আমি বিবাহিত, তাই অন্য কোনো দৃষ্টিতে দেখিনি। কাজ করে মনে হলো, মেয়েটি খুবই বুদ্ধিমতী, অভিনয়টাকে খুব তাড়াতাড়ি রপ্ত করে নিচ্ছে।এরপর তিশার সঙ্গে কাননে কুসুম কলি ও ৪২০ ধারাবাহিক নাটকে কাজ করলাম। আস্তে আস্তে বোঝাপড়াটা আরও ভালো হলো। ওর সঙ্গে কাজ করার মজা হচ্ছে, ও জানে যে আমি কখন পেছনে তাকাব বা কখন সামনে এক পা, দুই পা করে এগিয়ে যাব। তিশাও সেভাবে আমার সঙ্গে অভিনয়টা মিলিয়ে নেয়।এভাবেই আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। একটি কাজের কথা বলি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর শুটিং করছি। দৃশ্যটা এমন ছিল, আমরা দুজনই সিদ্ধান্ত নিলাম একসঙ্গে আর থাকব না। সে সময় আমি আর তিশা একে অপরের পিঠে এমনভাবে সংলাপ বলতে লাগলাম যে তিশার অভিনয়-প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর সেখানকার দৃশ্যটা এতটাই আবেগপ্রবণ ছিল যে আমি কাঁদছি, তিশাও কাঁদছে। এই দৃশ্যটির কথা আমি এখনো ভুলতে পারি না।দুজন মিলে অনেকগুলো কাজ করতে গিয়ে তিশাকে যতটুকু বুঝেছি, তাতে মনে হয়নি, এই মেয়ে কখনো রাগ করতে পারে। আর আমার কাছে মনে হয়েছে, যদি সত্যি সত্যি এই মেয়েটিকে আমি আমার করে পেতাম, তাহলে অনেকগুলো ঘটনা ঘটতে পারত। মাঝেমধ্যেই রাগারাগি হতো। কারণ, তিশা খুবই নিয়ম মেনে চলে। আমি একদম তার উল্টোটি। আবার একটা ব্যাপার হয়তো হতো, যেমন—আমি ওর চাপে পড়ে নিয়ম মেনে জীবন যাপন করতাম। ইচ্ছে হলেই রাতবিরাতে বাড়ি ফিরতে পারতাম না, হা.. হা... হা...। আসলে পুরোটাই মজা করলাম।তিশার কিছু নেতিবাচক দিক তো অবশ্যই আছে। এই যেমন ধরেন, মাঝেমধ্যে মনে হয় তিশা কেন সোফিয়া লরেনের মতো হলো না। তিশা কেন এলিজাবেথ টেলরের মতো হলো না। তাহলে তো আর পশ্চিমা শিল্পীদের দিকে আমাদের তাকাতে হতো না। অনেক সময় মনে হয়, আসলে তিশা যে তিশা হয়ে জন্মেছে, এ জন্য বোধ হয় তিশাকে এই কথাগুলো বলতে পারছি। মাঝেমধ্যে এটাও ভাবতে অবাক লাগে যে তিশা বড় হয়েছে এবং এখন তার মধ্যে পরিপূর্ণতা এসেছে। সে এখন আর ক্লাস নাইন-টেনে পড়া সেই মেয়েটি নেই।আমি সহ-অভিনেত্রী হিসেবে আরেকজনের কথা বলব। তিনি অপি করিম। খুবই অল্প কাজ করেছি তার সঙ্গে। কিন্তু বেশি কাজ যে করা হলো না, এ নিয়ে একজন শিল্পী হিসেবে কিছুটা অপূর্ণতা রয়েছে বটে। আমার কাছে মনে হয়েছে, খুবই বুদ্ধিদীপ্ত অভিনয়শিল্পী। অভিনয়ের যে ধারাগুলো আমি অপির মধ্যে দেখেছি, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।