তিশার জন্য অপেক্ষা
তিশার বিয়ে হবে। ছেলে আমাদের চেনাজানা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ওয়েস্টিন হোটেলের সামনে লোকে লোকারণ্য। মিডিয়াকর্মীদের আনাগোনায় হোটেলের লবি ভরপুর। সবার প্রতীক্ষা কখন আসবে বর-বধূ। বিভিন্ন পত্রপত্রিকায় আমার আলোকচিত্রী বন্ধুবান্ধরাও এসে হাজির। কিন্তু মুখ খুলছে না। আমাদের সবার মধ্যে একটা নীরব প্রতিযোগিতা চলছে—কে কার চেয়ে কত ভালো অ্যাঙ্গেলে ছবি তুলব। মগজে তখন খেলছে লাইটটা পাব তো? শাটার স্পিডটা ক্ষণে ক্ষণে দেখে নিচ্ছি। এক্সপোজার ঠিক আছে কি না, তা নিয়েই দুশ্চিন্তা। এর মধ্যেই হঠাৎ ভাই-বেরাদর গ্রুপের সম্মিলিত চিৎকার। তার মানে, তিশা-ফারুকী হাজির। তিশার চোখ দুটো কেমন যেন ভেজা ভেজা। কিন্তু মুখের হাসিটাই বলে দিচ্ছিল চোখের এ জল কান্না হতেই পারে না।চারদিকে অসংখ্য শাটার পড়ার ক্লিক ক্লিক আওয়াজ, ফ্লাশ লাইটের আলো ঝলকানি। বারবার ক্যামেরার মনিটর দেখছি এক্সপোজার ঠিক আছে কি না। হাতে ক্যামেরা নিয়ে সারাক্ষণ মাথায় চিন্তা কাজ করছে, তিশার নান্দনিক ছবি পেলাম তো?