তিস্তা অভিমুখে লংমার্চ করবেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী মাসের শেষ সপ্তাহে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ করা হবে। তিনি বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন না হলে এই এলাকা একসময় মরুভূমি হয়ে যাবে।আজ শনিবার রংপুর টাউন হলে ফেডারেশন অব উইমেন্স এন্টারপ্রিনিয়ার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘তৃণমূল নারী উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, মনমোহন সিংহের সফরের ছয় মাস পার হয়ে গেলেও তিস্তায় বাঁধ নির্মাণের ব্যাপারে সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।এরশাদ আরও বলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম, তখন গ্যাসের অভাবে রংপুরে পোশাক-কারখানা করতে পারিনি। এত বছরেও এর কোনো উন্নতি হলো না। রংপুরে গ্যাস সরবরাহ হলো না। গ্যাস সরবরাহ না হলে রংপুর অঞ্চলের উন্নয়ন সাধন করা সম্ভব নয়।’সংগঠনের সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ কে এম আব্দুর রউফ, জেলা প্রশাসক বি এম এনামুল হক প্রমুখ।এদিকে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তিস্তা অভিমুখে লংমার্চ সফল করতে বিকেলে সার্কিট হাউসে উত্তরাঞ্চলের ১৬ জেলার জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন দলের চেয়ারম্যান এরশাদ। এ সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান।