তিস্তা ও সীমান্ত চুক্তি নিয়ে আশাবাদী প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আশা প্রকাশ করেছেন, লোকসভার চলতি বাজেট অধিবেশনে ’৭৪-এর স্থলসীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনীর প্রস্তাব উত্থাপনের পর তা পাস হবে।গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আশাবাদের কথা জানিয়েছেন প্রণব মুখার্জি। শিগগিরই তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারেও তাঁর আশার কথা জানিয়েছেন তিনি। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়ার সিদ্ধান্তের জন্য ভারতের রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন দীপু মনি। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রণব মুখার্জি উল্লেখ করেন, ভারতের সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে নানা রকম সহায়তামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছে। তবে বাংলাদেশের মতো আর কেউ ভারতীয় সেনাবাহিনীকে এভাবে সম্মানিত করেনি। ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে গতকাল দুপুরে স্ত্রী শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সোনারগাঁও হোটেলে দেখা করেন। ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি হেলিকপ্টারযোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এদিকে আজ সোমবার বিকেলে প্রণব মুখার্জির সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ করার কথা থাকলেও হরতালে নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হচ্ছে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। অনুদানের দ্বিতীয় কিস্তি আগামী মাসে: ভারতের ঋণচুক্তির আওতায় ২০ কোটি ডলার অনুদানের পুরোটাই সরকার পদ্মা সেতুর নির্মাণে ব্যবহার করবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি তাঁকে জানিয়েছেন, অনুদানের ২০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তিতে আরও পাঁচ কোটি ডলার পাবে বাংলাদেশ। এই অর্থ আগামী মাসেই ছাড় করা হবে।প্রসঙ্গত, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি ডলার ঋণ দেয় ভারত। ওই ঋণের মধ্যে ভারত গত বছর ২০ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ প্রথম কিস্তির পাঁচ কোটি ডলারের চেক এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ভারতের রাষ্ট্রপতি নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা নিয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন। অর্থমন্ত্রী তাঁকে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন স্থিতিশীল। প্রতিবছর ধাপে ধাপে এ প্রকল্পের জন্য অর্থ জোগানো সরকারের পক্ষে সম্ভব।তিস্তা ও স্থলসীমান্ত চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বিকেলে সাংবাদিকদের জানান, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই নিয়ে আশার বাণী শুনিয়েছেন প্রণব মুখার্জি। দীপু মনি বলেন, তিনি (ভারতের রাষ্ট্রপতি) জানিয়েছেন, ভারতের লোকসভার চলতি বাজেট অধিবেশনে স্থলসীমান্ত চুক্তিসংক্রান্ত প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানসংক্রান্ত বিলটি উত্থাপন করা হবে। তিনি এ অধিবেশনে বিলটি পাসের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।তিস্তা চুক্তির বিষয়েও ভারতের রাষ্ট্রপতি আশাবাদী। এ প্রসঙ্গে দীপু মনি বলেন, ভারতের রাষ্ট্রপতি তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের আলোচনার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। সুনির্দিষ্টভাবে সীমান্ত হত্যা নিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কোনো কথা হয়নি। তবে দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে তাঁরা আলোচনা করেছেন। ভারতের গণমাধ্যমকর্মী বাংলাদেশে সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন চলছে, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রসঙ্গে দীপু মনি বলেন, এ ঘটনাগুলো অপ্রত্যাশিত ও নিন্দনীয়। কোনো মহলের দ্বারা দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রোধের ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণের পর বিরোধীদলীয় নেতার ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা না করাটা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন কি না, এ প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, ‘এটি তাদের ডাকা হরতাল। কোনো দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে তাঁর সাক্ষাৎকারের জন্য সময় চাওয়া হয়। সময় চাওয়ার পর না যাওয়াটা খুব হয়তো শোভন নয়।’ যাচ্ছেন না খালেদা জিয়া: বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নির্ধারিত সৌজন্য সাক্ষাৎকারটি হচ্ছে না। তিনি বলেন, সোমবার বিকেলে প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত ছিল। কিন্তু হরতালের কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিরোধীদলীয় নেতার হোটেল সোনারগাঁওয়ে যাওয়া সম্ভব নয়। বিষয়টি ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে খালেদা জিয়া দিল্লি সফরে গিয়েছিলেন। সে সময় তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন। ঢাকায় লালগালিচা সংবর্ধনা: ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁর প্রথম বিদেশ সফরে আজ ঢাকায় এসে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান। এর আগে ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে বিমানবাহিনীর চারটি জেট বিমান তাঁকে পাহারা দিয়ে নিয়ে আসে। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩২ মিনিটে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ বিমান থেকে ভারতের রাষ্ট্রপতি নেমে আসার সময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাঁর আগমনী বার্তা ঘোষণা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতিকে রানওয়ের কাছে নির্মিত একটি অস্থায়ী মঞ্চে নিয়ে যান। এখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। ভারতের রাষ্ট্রপতি সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দলের গার্ড পরিদর্শন করেন।প্রধানমন্ত্রীর সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানান, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় এবং উপ-আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, প্রণব মুখার্জি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবেই। তবে তিনি এর কোনো সময়সীমা উল্লেখ করেননি। বৈঠককালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উপ-আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রী ভারতীয় রাষ্ট্রপতির সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।