তিস্তা চুক্তি অবশ্যই হবে: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি অবশ্যই হবে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।আজ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের মূল্যায়ন নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে ‘সফল’ ও ‘যুগান্তকারী’ বলে আখ্যা দেন সৈয়দ আশরাফ।তিস্তা চুক্তি প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে, যাতে দুই দেশই লাভবান হয়।রাজনৈতিক পর্যায়ে আলোচনা না হওয়ায় চুক্তি ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন মহল থেকে যে অভিযোগ করা হচ্ছে, সে প্রসঙ্গে আশরাফ বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক পর্যায়েই আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। তাঁরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব। চুক্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধিতা করলে তা দেখার দায়িত্ব আমাদের নয়। বাংলাদেশের আলোচনা হবে, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।’সৈয়দ আশরাফ বলেন, ‘তিস্তার সঙ্গে ট্রানজিটের কোনো সম্পর্ক নেই। এটি আমরাও বলিনি, ভারতও বলেনি। ট্রানজিটের জন্য একটি অবকাঠামো দরকার।’সৈয়দ আশরাফ বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির কপি মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে। কোনো লুকোচুরির চেষ্টা করা হয়নি।বিরোধী দলের আন্দোলন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। তারা (বিরোধী দল) না জেনে বা না জানার ভান করে গতানুগতিকভাবে কথা বলছে। বিরোধিতার নামে বিরোধিতা না করে বস্তুনিষ্ঠভাবে এ সফর মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।সৈয়দ আশরাফ প্রশ্ন করেন, এ সফর ব্যর্থ হলে তিন বিঘা করিডর খোলা হলো কীভাবে। তিনি বলেন, চুক্তির ফলে ৩৭ বছর ধরে চলতে থাকা ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। ১৭ হাজার একর জায়গা বাংলাদেশ পেয়েছে। আয়তন বেড়েছে। বাংলাদেশ ভারতের বাজারে ৪৬টি পণ্যের শুল্কমুক্ত রপ্তানি-সুবিধা পেয়েছে। এতে বাণিজ্যঘাটতি অনেকাংশে কমবে। আশরাফ বলেন, বিএনপির সময়ে ভারতের পণ্য বাংলাদেশে ঢুকতে শুল্কমুক্ত এবং বাংলাদেশের পণ্য ভারতে ঢুকতে ৩০০-৪০০ শতাংশ শুল্কারোপ করে চুক্তি করা হয়। এ জন্য ভারতের সঙ্গে বাণিজ্যঘাটতি বেড়েছিল বলে তিনি মন্তব্য করেন।এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আওয়ামী লীগের নেতা আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।