তিস্তা চুক্তি ও সীমান্ত সমস্যার সমাধান শিগগিরই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নে শিগগিরই জট খুলছে না। তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতা এতটুকু কমেনি। সে তুলনায় সীমান্ত প্রটোকল নিয়ে বিরোধিতা তুলনামূলকভাবে কম। এমন এক পরিস্থিতিতে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধানে সরকার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তিস্তা ও সীমান্ত সমস্যা সমাধান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ—সম্প্রতি দিল্লি সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ বিষয়টি ভারতের নেতাদের কাছে তুলে ধরেছেন। এর পরই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম গুজরাটের মুখ্যমন্ত্রী ও আগামী নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। ওই বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। দীপু মনির সদ্য সমাপ্ত সফরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ (প্রগতিশীল গণতান্ত্রিক জোট) সরকার অমীমাংসিত সমস্যা সমাধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে সময়সীমার উল্লেখ করে কোনো আশ্বাস দেওয়া হয়নি। আর বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধানে বিরোধী দল বিজেপি সমর্থন দেবে কি না, সেটি নির্ভর করছে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশের ওপর।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল সোমবার প্রথম আলোকে জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এমন এক প্রেক্ষাপটে দিল্লি সফর করছেন, যখন দেশটির সরকার ও বিরোধী দল অভ্যন্তরীণ রাজনীতিতেই অধিক মনোযোগী। ফলে মনমোহন সিংয়ের সরকার নতুন কোনো আশার বাণী শোনাতে পারেনি দীপু মনিকে। আর বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সমস্যার সমাধানে সংবিধান সংশোধনী বিল পাসে সমর্থনের বিষয়টি আলোচনা করা হবে। জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ভারতের সংসদের আসন্ন বর্ষা অধিবেশনে সংবিধান সংশোধনী বিল উত্থাপনের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। সম্প্রতি দিল্লি সফরের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের বিরোধী দল মনে করে, এ সমস্যার সমাধান হওয়া উচিত। সীমান্ত চুক্তি নিয়ে বিজেপির যেসব নেতার উদ্বেগ রয়েছে, তাঁদের সঙ্গে দলের অভ্যন্তরে আলোচনার আশ্বাস দিয়েছেন অরুণ জেটলি।২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকায় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের স্থলসীমান্ত চিহ্নিতকরণ চুক্তি-সংক্রান্ত প্রটোকল সই হয়। মূলত দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি হস্তান্তর ও সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করতে এ প্রটোকলটি সই হয়।বিজেপির অবস্থান ও সফর প্রসঙ্গ: সীমান্ত সমস্যার ব্যাপারে বিজেপির অবস্থান পরিবর্তনকে নতুন কৌশল মনে করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভারতের বিরোধী দলের এ অবস্থানটা অভ্যন্তরীণ কারণে। কারণ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর আগে বিলটি পাসের পক্ষে ছিল। পরে আঞ্চলিক নেতৃত্ব বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি প্রকাশ্যে বিলের বিরোধিতা করে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব খুব স্পষ্ট করে কিছু বলতে চাইছে না। অরুণ জেটলি ও সুষমা স্বরাজের মতো মধ্যপন্থী বিজেপি নেতারা বিলটির পক্ষে রয়েছেন। বিরোধিতা করছেন নরেন্দ্র মোদির মতো কট্টরপন্থী নেতারা।সাম্প্রতিক সফরের আলোচনার প্রসঙ্গ: ২৬ জুলাই মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দীপু মনি তিস্তা ও সীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশের তাগিদের বিষয়টি তুলে ধরেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কোনো বিষয়ের উল্লেখ না করে বাংলাদেশের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি তিস্তা প্রসঙ্গে মনমোহন সিং উল্লেখ করেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের বিষয়টি ত্বরান্বিত করতে ইউপিএ সরকার ভারতে জাতীয় ঐকমত্যের চেষ্টা চালাচ্ছে।দিল্লির এক কর্মকর্তা জানিয়েছেন, তিস্তা ও সীমান্ত সমস্যা সমাধানের জন্য ইউপিএ সরকার পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয় দুটি সুরাহার জন্য বেশ কিছুদিন ধরেই বিরোধী দলগুলোর সমর্থন আদায়ে সালমান খুরশিদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দীপু মনিকে ২৬ জুলাই এ বার্তাই দিয়েছেন মনমোহন সিং। দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন সামনে রেখে সরকারের ভাবনা সম্পর্কে খোঁজ নিয়েছেন মনমোহন সিং।একই দিন বিকেলে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা ও বিজেপির সাবেক সাধারণ সম্পাদক অরুণ জেটলির সঙ্গে দেখা করেন দীপু মনি। ওই আলোচনায় তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশীর নানা উদ্যোগের কারণে তাদের সম্পর্ক বেশ ভালো হয়েছে। কিন্তু তিস্তা ও সীমান্ত সমস্যার সুরাহা না হওয়ায় সাফল্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই এ পরিস্থিতি থেকে উত্তরণে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে সীমান্ত সমস্যার সুরাহায় ভারতের সংবিধান সংশোধনী বিলে বিজেপির সমর্থন কাম্য। এ বিষয়ে অরুণ জেটলি সরাসরি কোনো অঙ্গীকার করেননি। তিনি বিষয়টি নিয়ে দলের সহকর্মীদের সঙ্গে আলোচনার কথা বলেছেন।মোদির সমর্থন আদায়ের চেষ্টা: ভারতের বিরোধী দলের বিরোধিতায় ঝুলে আছে সীমান্ত সমস্যা সমাধানের বিষয়টি। চার দশকের অমীমাংসিত সীমান্ত সমস্যা কাটাতে হলে আসামের বেশ কিছু ভূমি ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। এ যুক্তিতে আসাম রাজ্য শাখা বিজেপি সংবিধান সংশোধনী বিল পাসের বিরোধিতা করছে। এদের সঙ্গে যুক্ত হয়েছে আসাম গণপরিষদ (অগপ)। এ পরিস্থিতিতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এরই অংশ হিসেবে হাইকমিশনার তারিক এ করিম ২৭ জুলাই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর গান্ধীনগরের বাসায় দেখা করেন। ঢাকা ও দিল্লির দুই কূটনৈতিক এ প্রতিবেদককে জানিয়েছেন, সীমান্ত প্রটোকলের বিষয়ে ভারতের আগামী নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর সমর্থন লাভের প্রয়াস ছিল ওই বৈঠকের মুখ্য উদ্দেশ্য। কারণ, বিজেপির কট্টরপন্থী নেতা নরেন্দ্র মোদি সংবিধান সংশোধনী বিলটি পাসের পক্ষে নন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত রোববার প্রথম আলোকে বলেন, সীমান্ত সমস্যা সুরাহার জন্য ভারত সরকারের পাশাপাশি সে দেশের বিরোধী দলেরও সমর্থন চাইছে বাংলাদেশ। দিল্লির ভাবনা: দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সীমান্ত প্রটোকল বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল উত্থাপনের জন্য দুটি বিষয় বিবেচনায় রেখেছে ইউপিএ সরকার। অনুকূল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করবে এমন একটি সময়ে সরকার বিলটি তুলতে চায়। সেই সঙ্গে বিলটি উত্থাপনের সময় এর পক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এটিও সরকার নিশ্চিত করতে চায়।দ্বিকক্ষবিশিষ্ট ভারতীয় সংসদের বর্ষা অধিবেশন শুরু হচ্ছে আগামী ৫ আগস্ট। ২০ আগস্ট পর্যন্ত স্থায়ী এ অধিবেশনে সীমান্ত প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল উত্থাপনের বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ভারত।