তিস্তা চুক্তি ট্রানজিটের শর্ত নয়, তবে সহায়ক (ভিডিও)
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে তিস্তার পানি বণ্টন চুক্তি কোনো শর্ত নয়। তবে তিস্তা চুক্তি হলে তা ট্রানজিটের জন্য সহায়ক হবে। ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন। আজ বুধবার এনডিটিভির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। এনডিটিভির সাংবাদিক বারখা দত্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশ তিস্তা চুক্তির শর্তে ভারতকে ট্রানজিট দেবে কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তা মনে করি না। তিস্তা ট্রানজিটের শর্ত নয়। তবে তিস্তার পানি বণ্টন চুক্তি হলে তা ট্রানজিটের ব্যাপারে সহায়ক হবে।’ তিনি বলেন, ট্রানজিটের প্রক্রিয়াটি তার নিজস্ব গতিতে চলছে; এটি বন্ধ হয়ে নেই। কারণ, বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগে বিশ্বাস করে।এনডিটিভির সাংবাদিক বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগমুহূর্তে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জটিলতায় পড়ে তিস্তার পানি বণ্টন চুক্তিটি আর হয়নি বলে ধারণা করা হয়। এটি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলছে কি না—এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘দুই দেশের বর্তমান সম্পর্ক চমৎকার।’শেষ মুহূর্তে চুক্তি না হলেও গত দুই বছরে অভিন্ন নদীটির পানি বণ্টন চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশেরই অনেক কিছু করার আছে। দুই বছর ধরে উভয় সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর পরও তিস্তা চুক্তি নিয়ে হতাশা আছে কি না—এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশে ব্যাপক আশাবাদ তৈরি হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। তিস্তা চুক্তি হলে অবশ্যই খুব ভালো হতো, মন্তব্য করে তিনি বলেন, এ নিয়ে বাংলাদেশের জনগণ হতাশ। তিস্তা চুক্তির জন্য দেশের জনগণ অপেক্ষা করছে। চুক্তিটি তাড়াতাড়ি হোক—দেশের জনগণ এটাই চায়। এ ব্যাপারে ব্যাপক অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেন, এ ব্যাপারে তিনি অখুশি নন; তবে শিগগিরই তিস্তা চুক্তি চান।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে শেষ মুহূর্তে তিস্তা চুক্তি হয়নি বলে যে ধারণা, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেষ মুহূর্তে কেন চুক্তিটি হয়নি, তা আমরা জানতাম না।’ মমতার সঙ্গে তাঁর সাক্ষাত্ হয়েছে উল্লেখ করে দীপু মনি বলেন, তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ও ছিল। বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের কারণে আসামে সাম্প্রতিক দাঙ্গার ঘটনা ঘটেছে বলে ভারতের বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অঞ্চলে অভিবাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় অভিবাসন হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। তবে তাদের বেশির ভাগই স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে এসেছে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার পর বাংলাদেশ থেকে কত লোক ভারতে অভিবাসী হয়ে গেছে তার কোনো হিসাব বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশ ও ভারতের সীমান্ত-সংঘাত দ্বিপক্ষীয় কোনো সংঘাতের জন্ম দেবে কি না—এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আমি বিষয়টা দ্বিপক্ষীয় সংঘাতের বিষয় হিসেবে দেখি না।’ ১৯৭১ সালে ভারতে মানবিক কারণে বাংলাদেশের মানুষকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ টেনে এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান কী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো ১৯৭১ সালের কথা ভুলে যায়নি। সে বিবেচনায় মানবিক কারণে ১৯৭৯ ও ১৯৯২ সালে রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে। তবে তাদের বেশির ভাগই মিয়ানমারে ফিরে না গিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বসতি গড়েছে। তারা এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে গেছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে তাদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। দাঙ্গার পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাবার, প্রাথমিক চিকিত্সা ও আশ্রয় দিয়ে বুঝিয়ে-শুনিয়ে আবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হত্যা বন্ধের ব্যাপারে ভারতের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কিছুটা অগ্রগতি হলেও সীমান্ত হত্যা চলছে। সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি জানান তিনি।বাংলাদেশের বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের ভারতে নির্বাসিত জীবনযাপন সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিতর্কিত লেখার পর মৌলবাদীরা তাঁর বিরুদ্ধে ক্ষেপে যায়। তখন তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। তবে দেশের একজন নাগরিক হিসেবে তাঁর সব অধিকার রয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী মনে করেন। তিনি বলেন, ‘আমি তাঁর দুই-একটি বই পড়েছি। তবে তাঁর লেখা আমি খুব একটা পছন্দ করি না। আমি মনে করি, একজন লেখক হিসেবে অবশ্যই তাঁর নিজস্ব ভাবনা তুলে ধরার অধিকার আছে।’ বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অনুভূতি জানতে চাইলে দীপু মনি বলেন, ‘আমি এমন পরিবেশে বড় হয়েছি, যেখানে আমাকে ব্যক্তি হিসেবে মূল্যায়ন করা হয়েছে। তবে নারী হিসেবে আমি গর্বিত, নারী হিসেবে আমি স্বস্তি বোধ করি।’