তিস্তা চুক্তি দ্রুত সই করতে ভারত চেষ্টা চালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তি সই না হওয়ায় বাংলাদেশে হতাশা তৈরি হয়েছে। তাই দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে অভিন্ন এ নদী নিয়ে দ্রুত চুক্তি সই করতে আন্তরিক প্রয়াস চালাচ্ছে ভারত। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ চলছে।গতকাল বৃহস্পতিবার মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিস্তা নিয়ে এ আশার বাণী শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী ভিলিংগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে বৈঠক করেন।বৈঠকের একটি সূত্র প্রথম আলোকে বলেন, ৩০ মিনিটের আলোচনায় তিস্তা ছাড়াও ট্রানজিট, ছিটমহল ও অপদখলীয় ভূমি দ্রুত হস্তান্তর, ভারত থেকে বিদ্যুৎ কেনাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।সূত্র এ প্রতিবেদককে জানান, গতকালের বৈঠকে শেখ হাসিনা তিস্তার প্রসঙ্গ তোলার আগেই মনমোহন সিং নিজে প্রসঙ্গটি তোলেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, ঢাকার শীর্ষ বৈঠকে সবই ভালো হয়েছে। কিন্তু তিস্তা চুক্তি সই না হওয়ায় বাংলাদেশে হতাশা তৈরি হয়েছে। কাজেই যত দ্রুত সম্ভব এ চুক্তি সই করতে ভারতের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতি চলছে।এ সময় শেখ হাসিনা মনমোহন সিংকে বলেন, তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের একটা প্রত্যাশা ছিল। তখন এটি হলে ভালো হতো। কারণ বাংলাদেশের জন্য এটি প্রয়োজন। জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু বাংলাদেশ কেন, সবার জন্যই প্রয়োজন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত প্রটোকল দ্রুত অনুসমর্থন করতে ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। মনমোহন সিং বলেন, এ জন্য ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। শিগগির সীমান্ত প্রটোকলের বিষয়টি ভারতের লোকসভায় উত্থাপন করা হবে। ট্রানজিট নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। আশুগঞ্জ দিয়ে ট্রানজিটের পরীক্ষামূলক চালান থেকে নিয়মিত চালানের জন্য করণীয়, বিশেষ করে ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করতে দুই পক্ষের সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন দুই নেতা। এ প্রসঙ্গে মনমোহন সিং উল্লেখ করেন, এ ব্যাপারে বাংলাদেশের কিছু উদ্বেগ রয়েছে। কাজেই এ ব্যাপারে ভারতেরও সংবেদনশীলতা রয়েছে। তাই এসব উদ্বেগ দূর করেই নিয়মিত ট্রানজিট চালু করা উচিত। বৈঠকে সীমান্ত বাজারের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বাজারের সংখ্যা আরও বাড়াতে উভয় প্রধানমন্ত্রী একমত হয়েছেন। এ ছাড়া স্থলবন্দরের গুদাম পর্যন্ত ট্রাক আসা-যাওয়ার অনুমতির বিষয়টি আলোচিত হয়েছে। বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দরে গুদাম পর্যন্ত পণ্যবাহী ট্রাকের প্রবেশাধিকার আছে। গতকালের বৈঠকে এ সুবিধা বুড়িমারী ও পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য সীমান্তেও চালু করার বিষয়ে একমত হয়েছেন দুই শীর্ষস্থানীয় নেতা। মনমোহন সিং বাংলাদেশকে তাঁর দেশের দেওয়া ১০০ কোটি ডলার ঋণ প্রকল্পের কাজ দ্রুত সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ জামান, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। আর ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন ও পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই।