তিস্তা চুক্তি না হওয়া দুর্ভাগ্যজনক: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে তিস্তার পানি বণ্টন নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই সভায় মনমোহন ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ২২ মিনিট বক্তব্য দেন।মনমোহন সিং বলেন, ‘তিস্তার পানি বণ্টন নিয়ে এই সফরকালেই একটি সমঝোতায় পৌঁছাতে পারব বলে আমি আশাবাদী ছিলাম। এ লক্ষ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাতে দুই দেশই কাজ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেনি।’মনমোহন সিং বলেন, ‘পানি দুই দেশের জন্য একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রমাণ করে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ন্যায্যতা ও সমতা থেকে কোনো পক্ষই যেন বঞ্চিত না হয়, সেভাবে একটি সহযোগিতামূলক সমঝোতায় পৌঁছানো যায়।টিপাইমুখ বাঁধ সম্পর্কে বলতে গিয়ে মনমোহন সিং বলেন, ‘প্রতিনিয়তই ভারতের টিপাইমুখ বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমি জনসমক্ষে এটা বেশ স্পষ্ট করেই বলছি, বাংলাদেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে এমন কোনো পদক্ষেপ ভারত নেবে না।’ মনমোহন সিং বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের ভাগ্যই পরস্পর সঙ্গে সম্পর্কযুক্ত বলে আমি বিশ্বাস করি। সমৃদ্ধি ও লক্ষ্য পূরণের জন্য তাই একটি সহযোগিতামূলক ভবিষ্যতের স্বপ্ন আমাদের দেখতে হবে।’ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘মেধা, উদ্যোগ ও সামর্থ্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার জনগণ বিশ্বের কারও থেকেই পিছিয়ে নেই। একটি অভিন্ন দক্ষিণ এশীয় পরিচয় এবং আঞ্চলিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগী সংস্থা (সার্ক) গঠনের প্রস্তাব করেছিল। আঞ্চলিক সম্ভাবনা জোরদার করতে আমাদের পরস্পরকে সহযোগিতা করতে হবে। নিজেদের স্বার্থেই আমাদের পরস্পরের ওপর বিশ্বাস ও আস্থা রেখে একত্রে কাজ করতে হবে।’মনমোহন সিং বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সীমান্ত সমস্যা। ইতিমধ্যেই সীমানা চিহ্নিতকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ছিটমহল-সমস্যা সমাধানে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। ভারত তিন বিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখতে সম্মত হয়েছে। দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহলে বিদ্যুত্-সংযোগ দেওয়া হয়েছে।মনমোহন সিং বলেন, ‘সীমান্তে যা ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আমাদের সীমান্তে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করতে হবে। সীমান্তের মানুষ এবং সীমান্তরক্ষী বাহিনীকে পরস্পরের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।’ সীমান্তের সমস্যা সমাধানের পাশাপাশি মনমোহন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করার কথা বলেন।অর্থনৈতিক উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে উল্লেখ করে মনমোহন বলেন, ‘আমরা বাংলাদেশের ৪৬টি পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিয়েছি। আমি আশ্বাস দিচ্ছি, ভারতের বাংলাদেশের বাজার আরও শক্তিশালী হবে। এ ক্ষেত্রে আমরা সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করব।’ মনমোহন বলেন, জ্বালানি ও বিদ্যুত্ সহযোগিতা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ভিত্তি। বাংলাদেশ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ বাংলাদেশে দেওয়ার কাজ শুরু হয়েছে। খুলনায় এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শেষ হয়েছে।বেলা ১১টা পাঁচ মিনিটে মনমোহন সিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সহ-উপাচার্য হারুন-অর-রশীদ তাঁকে অভ্যর্থনা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ সময় উপস্থিত ছিলেন।মনমোহন সিং সিনেট ভবনে প্রবেশের পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা নৃত্যের তালে তালে নজরুল ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এন কৃষ্ণা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালথানওয়ালা, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।