আমি মনে করি, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না হওয়া নৈরাশ্যজনক। দুঃখজনক। কেন এটি হয়েছে, এর পেছনে কী ছিল, আমি বলতে পারব না। তবে সাধারণভাবে আমার মনে হয়েছে, কোথাও একটা গোলমাল হয়েছিল। না হলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় সবকিছু চূড়ান্ত হয়েও তিস্তার পানি বণ্টন চুক্তি হলো না কেন? এখন একটি পথ খুঁজে বের করতে হবে এবং প্রধানত ভারত সরকারকেই সে কাজটি করতে হবে।আজ (বুধবার) দিল্লির পত্রপত্রিকায় প্রধানমন্ত্রীর ঢাকা সফর সম্পর্কে যেসব মন্তব্য দেখলাম, তাতে ধারণা করা যায়, কেবল বাংলাদেশে নয়, ভারতের বিভিন্ন মহলেও বিষয়টি হতাশা সৃষ্টি করেছে। এখন এ হতাশা নিয়ে বসে থাকলে তো চলবে না। আমাদের সামনে এগোতে হবে। দিল্লিকে এখন পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে এবং সেটি যত শিগগির সম্ভব। কেননা, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের যে ধারা তৈরি হয়েছে, তাকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে একটি ইতিবাচক ধারা লক্ষ করা গিয়েছিল, যা এর আগে আমি প্রথম আলোতে সাক্ষাৎকারেও বলেছি। বিশেষ করে, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সে কারণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর নিয়ে সব মহলের আগ্রহ যেমন ছিল, তেমনি প্রত্যাশার মাত্রাটিও ছিল উঁচু। সে প্রত্যাশা যখন পূরণ হয়নি, তখন একধরনের হতাশা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তবে আমি বলব, এ সফরে কিছুই অর্জিত হয়নি, তা বলা যাবে না। তিস্তার পানি বণ্টন বা ট্রানজিট চুক্তি না হলেও একটা বড় অর্জন আছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও শেখ হাসিনার শীর্ষ বৈঠকে যেসব চুক্তি ও প্রটোকল সই হয়েছে, তার মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তি উল্লেখযোগ্য। এ সমস্যাটি দীর্ঘদিন ঝুলে ছিল। সীমান্ত বিরোধ নিষ্পত্তি হলে দুই দেশের সীমান্তবর্তী মানুষ যেসব সমস্যার সম্মুখীন হয়, তা দূর হবে। এই সফরের আরেকটি ইতিবাচক দিক হলো, আঙ্গরপোতা ও দহগ্রামের মানুষের চলাচলের জন্য তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খুলে দেওয়া। বর্তমানে দিনে ১২ ঘণ্টা খোলা আছে। দ্বিতীয় যে বিষয়ে অগ্রগতি হয়েছে, তা হলো বাণিজ্য। ভারত বাংলাদেশের ৪৬টি পণ্যকে শুল্কসুবিধা দিয়েছে। এতে ভারতের বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্য আসার সুযোগ পাবে এবং বাণিজ্যবৈষম্য কিছুটা হলেও কমবে।দেব মুখার্জি: বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার।