তিস্তার পানি বণ্টন নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না হওয়াটাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে এই তথ্য দেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তব্য দেন মনমোহন সিং। ২২ মিনিটের বক্তব্যে মূলত তাঁর ঢাকা সফরের সময় সই না হওয়া চুক্তিগুলোর বিষয়ে একধরনের ব্যাখ্যা দেন তিনি। আর সই হওয়া উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি ও প্রটোকলের ভালো দিক তুলে ধরে তার মাধ্যমে দুই দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নে যে সমঝোতার বিকল্প নেই, তা-ও জোরালোভাবে তুলে ধরেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও ট্রানজিট নিয়ে কোনো কথা বলেননি মনমোহন সিং। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বক্তৃতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মনমোহন সিং বলেন, ‘তিস্তার পানি বণ্টন নিয়ে এই সফরকালেই একটি সমঝোতায় পৌঁছাতে পারব বলে আমি আশাবাদী ছিলাম। এ লক্ষ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাতে দুই দেশই কাজ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব প্রচেষ্টা সাফল্যের মুখ দেখেনি।’ ভারতের প্রধানমন্ত্রী বলেন, পানি দুই দেশের জন্য একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রমাণ করে, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ন্যায্যতা, সমতা এবং কোনো পক্ষই যেন বঞ্চিত না হয়, সেভাবে একটি সহযোগিতামূলক সমঝোতায় পৌঁছানো যায়।ভারতের টিপাইমুখ বাঁধ সম্পর্কে মনমোহন সিং বলেন, ‘প্রতিনিয়তই ভারতের টিপাইমুখ বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমি জনসমক্ষে এটা বেশ স্পষ্ট করেই বলছি, বাংলাদেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে এমন কোনো পদক্ষেপ ভারত নেবে না।’মনমোহন সিং বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের ভাগ্যই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে আমি বিশ্বাস করি। সমৃদ্ধি ও লক্ষ্য পূরণের জন্য তাই একটি সহযোগিতামূলক ভবিষ্যতের স্বপ্ন আমাদের দেখতে হবে।’ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘মেধা, উদ্যোগ ও সামর্থ্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার জনগণ বিশ্বের কারও থেকেই পিছিয়ে নেই। একটি অভিন্ন দক্ষিণ এশীয় পরিচয় ও আঞ্চলিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশই সার্ক গঠনের প্রস্তাব করেছিল। আঞ্চলিক সম্ভাবনা জোরদার করতে আমাদের পরস্পরকে সহযোগিতা করতে হবে। নিজেদের স্বার্থেই আমাদের পরস্পরের ওপর বিশ্বাস ও আস্থা রেখে একত্রে কাজ করতে হবে।’মনমোহন সিং বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সীমান্ত সমস্যা। ইতিমধ্যে সীমানা চিহ্নিতকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ছিটমহল সমস্যা সমাধানে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। ভারত তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখতে সম্মত হয়েছে। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।‘সীমান্তে যা ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক আছি’ —দাবি করে মনমোহন সিং বলেন, ‘সীমান্তে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। সীমান্তের মানুষ ও সীমান্তরক্ষী বাহিনীকে পরস্পরের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।’ সীমান্তের সমস্যা সমাধানের পাশাপাশি তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করার কথা বলেন। অর্থনৈতিক উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে উল্লেখ করে মনমোহন সিং বলেন, ‘বাংলাদেশের ৪৬টি পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেওয়া হয়েছে। আমি আশ্বাস দিচ্ছি, ভারতে বাংলাদেশের বাজার আরও শক্তিশালী হবে। এ ক্ষেত্রে আমরা সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করব।’মনমোহন বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ভিত্তি। ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে দেওয়ার কাজ শুরু হয়েছে। খুলনায় এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শেষ হয়েছে।মনমোহন সিং বলেন, ‘আমাদের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সঙ্গে। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা লালন করতে বাংলাদেশের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে আমরা কাজ করতে চাই। আমরা সব সময়ই প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে থাকব। ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সফল হলে এটি দক্ষিণ এশিয়ার ভাগ্যে শক্তিশালী প্রভাব ফেলবে।’ দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষার্থী বিনিময়ের ওপর জোর দিয়ে মনমোহন সিং বলেন, ভারতে বাংলাদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না—এমন কোনো নিয়ম নেই। ভারতের দর্শকেরাও যাতে বাংলাদেশের রবীন্দ্রসংগীত, বাউলসংগীত এবং প্রয়াত তারেক মাসুদের চলচ্চিত্র উপভোগ করতে পারে, সে জন্য বাণিজ্যিক উদ্যোগ নেওয়া যেতে পারে।মনমোহন সিং বলেন, ‘একাত্তরে আমরা কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছি। এখন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও আমরা একসঙ্গে চলব। আমাদের দারিদ্র্য, ক্ষুধা ও রোগ-শোকের বিরুদ্ধে লড়তে হবে। আমরা একের দুঃসময়ে অন্যের পাশে থাকতে চাই।’বেলা সাড়ে ১১টায় মনমোহন সিং তাঁর বক্তব্য শুরু করেন। শুরুতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে বলেন, ‘আমি শিক্ষকতা করেছি। এমন পরিবেশেই কথা বলতে আমার ভালো লাগে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ও শিক্ষার্থী জীবন দিয়েছেন, আমি তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি।’মনমোহন সিং বক্তব্য শেষ করেন দুই দেশের তরুণ প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তিনি বলেন, ‘আমাদের দুই দেশের মহান নেতারা যে সম্পর্ক গড়ে তুলেছেন, বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মও সেটিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। আমি মনে করি, বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশকে কবির স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে পারবে। দুই দেশের তরুণ প্রজন্ম পরস্পরের বন্ধুত্ব, শান্তি ও সমৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’বেলা ১১টায় মনমোহন সিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থিত হন। তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সহ-উপাচার্য হারুন-অর-রশিদ তাঁকে অভ্যর্থনা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও এ সময় উপস্থিত ছিলেন।মনমোহন সিং সিনেট ভবনে প্রবেশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা নজরুল ও রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালথানওয়ালা, পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।