তিস্তার পানি বণ্টন চুক্তি সই না হওয়ার দায় ভারতের। তবে এ জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ব্যর্থ হয়েছে বলে মনে করে না বাংলাদেশ।বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন। তবে সচিব বলেন, আগামী তিন মাসের মধ্যে তিস্তা চুক্তি সই হবে বলে তিনি আশাবাদী।গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মূলত ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়ে নিজেদের পর্যালোচনা উপস্থাপন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।এক ঘণ্টার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিবকে সাংবাদিকেরা সফরের অর্জন, তিস্তার পানি বণ্টন চুক্তি ও ট্রানজিট—সব বিষয়েই প্রশ্ন করেন। একাধিক প্রশ্নের দীর্ঘ জবাবের মাঝে ধৈর্যহারা একাধিক সাংবাদিক প্রশ্ন করতে চাইলে একপর্যায়ে পররাষ্ট্রসচিব বলেন, ‘আপনারা কি প্রশ্ন বিনিময় করবেন, নাকি আমাকে শেষ করার সুযোগ দেবেন?’সরকার খুব জোর দিয়েই বলছিল, এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে। তার পরও চুক্তিটি হলো না কেন? জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘এর উত্তর খুবই সোজা। তারা (ভারত) আমাদের জানিয়েছে যে তারা চুক্তিটি সই করতে পারবে না। কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য যদি কোনো দেশ চুক্তি সই করতে না পারে, তার দায় তো তাকেই নিতে হবে।’চুক্তিটি না হওয়ায় দেশের মানুষ হতাশ হয়েছে, সফরটিকে ব্যর্থ বলছেন কেউ কেউ। আপনার মত কী? এ প্রশ্নের জবাবে মিজারুল কায়েস বলেন, ‘আমি সফরটি ব্যর্থ বলতে চাই না। ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের মতো ’৭৪-এর অমীমাংসিত বিষয়ের সমাধান হয়েছে, দহগ্রাম-আঙ্গরপোতায় ২৪ ঘণ্টার অবাধ চলাচলের সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৪৬টি পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। বাংলাদেশের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তিস্তার পানি বণ্টন চুক্তি সই হয়নি। তার মানে তো এটা বোঝায় না যে সফরটাই ব্যর্থ হয়ে গেল। এ ধরনের তুল্যমূল্য বিচার (ভ্যালু জাজমেন্ট) করা অবিবেচনাপ্রসূত হবে।’তিস্তা চুক্তি হবে না—ভারতের পররাষ্ট্রসচিবের ঘোষণার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গণমাধ্যমে বারবার দাবি করেছেন, চুক্তি হবে। এটা কেন? জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘ভারতের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য না পাই, সে পর্যন্ত তো আমরা কিছু বলতে পারি না। আমি নিজে না জেনে তো কাউকে বলতে পারি না, এটা ঘটেছে। তবে একটা কথাই বলব, কোনো একটি সফরের ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ককে মূল্যায়ন করাটা ঠিক হবে না।’মিজারুল কায়েস জানান, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই তিস্তার চুক্তি সই হবে বলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী তিন মাসের মধ্যে তিস্তার চুক্তি সই হবে বলে জানিয়েছেন।’পররাষ্ট্রসচিব বলেন, ‘আপনাদের এটুকুই বলব, তিস্তার পানিচুক্তি সইয়ের মূল প্রক্রিয়াগুলো চূড়ান্ত হয়েছে। আলোচনা যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই চুক্তিটির সই সম্পন্ন হবে। নতুন করে পানি বণ্টন নিয়ে কিছু হবে না।’দুই পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তি ছিল বলেই চুক্তি সই হয়নি। আসলে কোন দেশের কত ভাগ করে পানি পাওয়ার কথা—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘এ বিষয়টি আমরা জনসমক্ষে আনতে চাই না। শুধু এটুকুই বলতে পারি, সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই চুক্তিটি সই হবে।’তিস্তার পানিচুক্তি সই না হওয়ায় কি ট্রানজিটের সম্মতিপত্র সই হয়নি—প্রশ্ন শুনেই মিজারুল কায়েস বিস্ময় প্রকাশ করেন। এ সময় সম্পূরক প্রশ্নে তাঁকে বলা হয়, ৪ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেছিলেন, মনমোহন সিংয়ের সফরে ট্রানজিটের সম্মতিপত্র সই হবে। এরপর পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে ট্রানজিট দিতে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য কাজ করছি। অবকাঠামো তৈরির কাজ চলছে। পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চূড়ান্ত করতে কাজ করছে কোর কমিটি। অবকাঠামো প্রস্তুত হওয়ার পাশাপাশি সব বিষয় চূড়ান্ত হওয়ার পর ট্রানজিট বাস্তবায়ন হবে।’