তিস্তা চুক্তি না হওয়ায় খালেদা জিয়ার হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে হতাশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জবাবে মনমোহন সিং এর জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, এই চুক্তির বিষয়টি ভারত সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেখছে।মনমোহন সিংয়ের ঢাকা সফরের শেষ দিনে গতকাল বুধবার এই দুই নেতার মধ্যে প্রায় আধা ঘণ্টার বৈঠকে তাঁরা এমন মনোভাব প্রকাশ করেন বলে বৈঠক সূত্র জানায়। সোনারগাঁও হোটেলে বিকেল চারটা পাঁচ মিনিটে শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত বৈঠক চলে।বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৈঠকের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।বৈঠকের একটি সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়া ট্রানজিট বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে তাঁর দলের অবস্থান পরিষ্কার করতে গিয়ে বলেছেন, তাঁর দল দক্ষিণ এশিয়া ও বিস্তৃত অঞ্চলজুড়ে যোগাযোগব্যবস্থা (কানেক্টিভিটি) চালুর পক্ষে। তবে তিনি ট্রানজিটের পক্ষে বা বিপক্ষে সরাসরি কোনো মন্তব্য করেননি। পরে শমসের মবিন সাংবাদিকদের জানান, বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগব্যবস্থার পক্ষে খালেদা জিয়া তাঁর অবস্থানের কথা বলেছেন। এই যোগাযোগ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বিস্তৃত হতে পারে। তিনি জানান, খালেদা জিয়া ভারতের সঙ্গে করা বাংলাদেশের চুক্তিগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগ রাখার জন্য মনমোহন সিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। চুক্তিগুলো প্রকাশের গুরুত্ব সম্পর্কেও তিনি মনমোহনকে অবহিত করেছেন।বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়া বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একযোগে কাজ করার ব্যাপারে দুই নেতাই একমত হয়েছেন। তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া সম্পর্কে মনমোহন সিং খালেদা জিয়াকে বলেন, এই চুক্তি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আরও আলাপ-আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে। দুই দেশ এ ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছাতে পারবে।শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে মনমোহনের অভিমত জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো কিছুই ভারত করবে না। পরিবেশগত বিষয় বিবেচনা করার পর জরিপ করে এ বিষয়ে ভবিষ্যতে চিন্তা করা হবে। তিনি খালেদা জিয়াকে বলেছেন, ‘আশা করি ভবিষ্যতে দুই রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপনার এবং বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারব। এ বিষয়ে আমাদের আরও আলোচনা হবে। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারত বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চায়।বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।