তিস্তা চুক্তি না হওয়ায় লাভবান হয়েছি: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি না হওয়ায় আমরা লাভবান হয়েছি।’ আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের সমাবেশে হানিফ এ কথা বলেন।হানিফ বলেন, ‘অচিরেই তিস্তার পানি চুক্তি হবে। এ চুক্তি মনমোহন সিংয়ের সফরের সময়ই হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। চুক্তি না হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত নয়, বরং লাভবান হয়েছি। এটি এখন শুধু আমাদের নয়, ভারতের জনগণেরও দাবি।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ট্রানজিট চুক্তি নিয়ে কথা বলা বিএনপির মুখে শোভা পায় না। জিয়াউর রহমান ১৯৮০ সালে ভারতের সঙ্গে প্রথম এই চুক্তি করেছিলেন। খালেদা জিয়া এখন বিরোধিতা করছেন। তাহলে ২০০৬ সালে এই চুক্তি নবায়ন কেন করেছিলেন? মিথ্যা কথা বলে জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।‘সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং শোভন কাজ বাঁচার মতো মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার’ প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, শ্রমিক লীগের সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে—খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘বর্তমান সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি। এ কাজটি করেছিলেন আপনি নিজে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর সারা দেশের বিভিন্ন স্থানের কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছিলেন। হাওয়া ভবন সৃষ্টি করে আপনার পুত্র হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছিল।’হানিফ বলেন, ‘বর্তমান সরকার আপনাদের সময়ে বন্ধ থাকা মিলগুলো একের পর এক খুলে দিচ্ছে। বন্ধ মিল খুলে দেওয়া কি দেশ ধ্বংস করা? আপনারা দেশকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন, সে অবস্থা থেকে দেশকে টেনে তোলাই কি দেশকে ধ্বংস করা? আসলে খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না। তাই তিনি এ ধরনের কথা বলেন।’ বাসস।