তিস্তা চুক্তি নিয়ে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ ও ভারত উভয় দেশের স্বার্থ রক্ষা করেই তিস্তার পানি বণ্টন চুক্তি হবে বলেও জানিয়েছেন তিনি।আজ মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গওহর রিজভী এ কথা বলেন।গওহর রিজভী বলেন, ‘সন্ত্রাসবাদ, মানবপাচার, নদীসমস্যার মতো অসংখ্য সমস্যা আছে, যেগুলো এককভাবে কোনো দেশ সমাধান করতে পারে না। কারণ দেশগুলো পরস্পরের ওপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরে অচলাবস্থা ছিল। আমরা সম্পর্ক না করে শত্রুতা করেছি। পরস্পরকে সন্দেহ করেছি। কিন্তু গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। শেখ হাসিনা বলেছেন, অতীত নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি সম্পর্ক গড়তে চান।’ তিস্তা চুক্তির ব্যাপারে গওহর রিজভী বলেন, ‘তিস্তা খুবই জটিল একটি সমস্যা। এই নদীর ৭৫ শতাংশই ভারতে। ২৫ শতাংশ বাংলাদেশে। এইখানে নদীর ভাগাভাগি দিয়ে চুক্তি করতে গেলে আমরা ক্ষতিতে পড়তাম। শেখ হাসিনা তাই বলেছেন, দুই দেশের মানুষের জন্য চুক্তি করতে হবে। সে অনুযায়ী চুক্তি হবে এবং এর ফলে বাংলাদেশ ও ভারত উভয় দেশই লাভবান হবে।’