তিস্তা চুক্তি শিগগিরই বাস্তব রূপ পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বাংলাদেশকে আশ্বাস দিয়েছে, তিস্তার পানি বণ্টন এবং সীমানা চিহ্নিতকরণ চুক্তি শিগগিরই বাস্তবে রূপ নেবে। গত সপ্তাহে বাংলাদেশ সফরকালে ভারতের পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আশ্বাস দেন।গতকাল শুক্রবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়রাম এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘অবশ্যই তিস্তা ও সীমানা চিহ্নিতকরণ চুক্তি নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে বিষয়টি জানিয়েছে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি, আমাদের সরকার এ দুটি চুক্তিকে শিগগিরই বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’বার্তা সংস্থার খবরে বলা হয়, দারিদ্র্য নিরসনবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে চলতি মাসের ৪ থেকে ৬ আগস্ট দুই দিনের জন্য ঢাকা সফরে আসেন ভারতের পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম। কিন্তু ঢাকায় অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া তাঁর সফরের মূল উদ্দেশ্য ছিল না। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত—প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের এই মনোভাবের কথা বাংলাদেশকে জানাতেই মূলত তাঁর এ সফর ছিল। সফরকালে তিনি সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেন।গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তা হয়নি।জয়রাম রমেশ বলেন, ‘আমি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেসব বিষয়ে আপত্তি তুলেছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং সেসব বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন।’ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের উদ্বেগ নিরসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কাজ করছি। তিস্তা এবং সীমানা চিহ্নিতকরণ চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি আমরা স্বীকার করি।’দুই দেশের সীমানা চুক্তির বিষয়ে পল্লী উন্নয়নমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, লোকসভার চলতি অধিবেশনেই এ-সংক্রান্ত সংবিধান সংশোধন বিল উপস্থাপন করতে সক্ষম হব।’ জি নিউজ।