তিস্তা চুক্তি সম্পাদনে উদ্যোগ ভারতের
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে অমীমাংসিত সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। প্রথম ধাপে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনে উদ্যোগী হয়েছেন তিনি। চার সপ্তাহের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন প্রসঙ্গে গতকাল শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে সালমান খুরশিদ বলেন, তিনি বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন।মমতার সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি। তাই আমি মমতার সঙ্গে স্বচ্ছ ও খোলামেলা আলোচনা করতে চাই।’বাংলাদেশের সঙ্গে যেসব অমীমাংসিত সমস্যা রয়েছে, সেসব সমস্যা সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালমান খুরশিদ। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি থেকে শুরু করে ছিটমহল সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হয়েছেন তিনি। গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি সম্পাদনের কথা থাকলেও মমতার আপত্তিতে সেই চুক্তি হয়নি। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলা শুরু করছেন তিনি। সালমান খুরশিদ বলেন, চার সপ্তাহের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার পাশাপাশি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও তাঁরা কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাইছেন।সালমান খুরশিদ জানান, ভারত সফরের সময় খালেদা জিয়া তাঁদের আশ্বস্ত করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগকে তাঁর দল গুরুত্ব দিয়ে দেখবে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতের কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী হরিশ রাওয়াত বাংলাদেশের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেন। ওই বৈঠকে হরিশ রাওয়াত জানান, অচিরেই বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা পানি বণ্টন চুক্তি সম্পাদিত হবে।