তিস্তা চুক্তি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন নিয়ে ১৫ বছরের অন্তর্বর্তীকালীন চুক্তি সই হচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে ভারতের কেন্দ্রীয় সরকার অভিন্ন নদীটির পানি বণ্টন চুক্তি সই স্থগিত করেছে।তবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দাবি করেছেন, অন্যান্য চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকের পাশাপাশি তিস্তার পানি বণ্টন চুক্তিও সই হবে। গত রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উপ-আঞ্চলিক সহযোগিতাবিষয়ক এক বৈঠক শেষে তিনি এ দাবি করেন।প্রসঙ্গত, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠক শেষে তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তি সই হওয়ার কথা ছিল। ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই গতকাল সোমবার দুপুরে দিল্লিতে সাংবাদিকদের তিস্তা পানি বণ্টন চুক্তি স্থগিত করার তথ্য জানান। ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের ঢাকা সফর উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভারত তিস্তা চুক্তি সইয়ের সিদ্ধান্ত বাতিল করায় মনমোহনের সফরের সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, বাংলাদেশের জন্য জরুরি এই চুক্তি সইয়ের জন্য সরকার দেড় বছর ধরে ভারতকে নানাভাবে রাজি করানোর জন্য সচেষ্ট ছিল।সরকারের দাবি নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত রাতে গণভবনে উপ-আঞ্চলিক সহযোগিতাবিষয়ক বৈঠকে ২০১০ সালের যৌথ ইশতেহারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ওই বৈঠক শেষে দীপু মনির কাছে জানতে চাওয়া হয়, তিস্তা চুক্তি সই হবে না বলে ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য এ সফরের জন্য বড় আঘাত কি না? জবাবে তিনি বলেন, ‘আমি ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের ভিডিওটি দেখেছি। তিনি কিন্তু কোথাও বলেননি যে চুক্তি সই হবে না। তিনি বলেছেন, চুক্তি সইয়ের জন্য সব পক্ষকে রেখে আলোচনা প্রয়োজন।’দীপু মনি বলেন, ‘ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই না হওয়ার ব্যাপারে কোনো চিঠি পাইনি। তাই আমরা আশা করি, মঙ্গলবার (আজ) দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে অন্যান্য চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক শেষে তিস্তার পানি বণ্টন চুক্তিও সই হবে।’তাহলে কি কোনো ছাড় দিয়ে চুক্তি সই হবে—জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগের অবস্থানে আছি। গত রোববার যেটা বলেছিলাম যে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই চুক্তিটি সই হবে।’পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই চুক্তিটি সই করা থেকে ভারত বিরত থাকছে। চুক্তি নিয়ে আপত্তির কারণে মমতা ঢাকায় আসছেন না। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়টি একটি অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলতে পারি, চুক্তিটি সই হচ্ছে।’প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের যে যোগাযোগ রয়েছে, তাতে তিস্তার পানি চুক্তি নিয়ে কোনো নেতিবাচক ইঙ্গিত পাইনি, বরং জোরালোভাবেই ইতিবাচক মনোভাব লক্ষ করেছি।’গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। চুক্তি নিয়ে রঞ্জন মাথাইয়ের ভাষ্য: ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের কাছে গতকাল তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, মনমোহনের সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের অগ্রগতি কী? উত্তরে তিনি বলেন, ‘পানি একটি সংবেদনশীল প্রসঙ্গ। আমরা তিস্তা নিয়ে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছাতে চাই। আমাদের কেন্দ্রীয় সরকারের কর্ম-প্রক্রিয়া অনুসারে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কোনো কিছু চূড়ান্ত করা হয় না। কাজেই কোনো চুক্তি হলে তা যেমন রাজ্য সরকারের কাছে গ্রহণযোগ্য হতে হবে, একই সময়ে তা গ্রহণযোগ্য হতে হবে বাংলাদেশের কাছেও।’গত রোববার মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা সফর বর্জনের ঘোষণা দেওয়ার এক দিন পর ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের কাছে কেন্দ্রীয় সরকারের এই অবস্থান তুলে ধরেন। সূত্র বলছে, মমতা গত রোববার জানিয়ে দেন, বাংলাদেশকে তিস্তার পানির ২৫ ভাগের বেশি দিলে কোনোভাবেই তিনি চুক্তি মেনে নেবেন না। তাঁর দাবি, ভারতের কেন্দ্রীয় সরকার তাঁকে প্রতিশ্রুতি দিয়েছে, তিস্তার পানির ৭৫ ভাগ পাবে পশ্চিমবঙ্গ, অবশিষ্ট ২৫ ভাগ পাবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মনে করে, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি চুক্তি সই হলে রাজ্যের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা ক্ষতিগ্রস্ত হবে।পানির হিস্যা নিয়ে ভিন্নমত: পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চায়, তিস্তার পানির ৭৫ ভাগ থাকবে ভারতে, বাকি ২৫ ভাগ দেওয়া হবে বাংলাদেশকে। আর বাংলাদেশ চায় নদীর পানির একটি অংশ স্বাভাবিক পানিপ্রবাহের জন্য রেখে বাকি অংশ সমান দুই ভাগে ভাগ হোক। সর্বশেষ দুই সরকারের মধ্যে যে খসড়া চূড়ান্ত হয়, তাতে নদীর পানির একাংশ প্রবাহের জন্য রেখে ভারতের জন্য ৫২ এবং বাংলাদেশের জন্য ৪৮ ভাগ দেওয়ার কথা বলা হয়।মমতার বেঁকে বসার কারণ: মমতা বন্দ্যোপাধ্যায় গত রোববার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সচিবালয়কে জানান, তিনি প্রস্তাবিত তিস্তার পানি বণ্টন চুক্তির বিরোধী। ফলে মনমোহনের সফরসঙ্গী হয়ে ঢাকায় যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।দিল্লির সংশ্লিষ্ট সূত্র জানায়, মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য, তিনি বাংলাদেশের বিরোধী নন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও অত্যন্ত মধুর। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের স্বার্থ দেখা তাঁর অগ্রাধিকার। রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের স্বার্থ সুরক্ষার ব্যাপারে ‘যে প্রতিশ্রুতি দিয়েছিলেন’, চুক্তির চূড়ান্ত খসড়ায় তা মানা হয়নি। রাজ্য সরকার প্রাথমিকভাবে বাংলাদেশকে যে পরিমাণ পানি (২৫ ভাগ) দিতে চেয়েছিল, মমতা-মেনন আলোচনার পর তার থেকে কিছু বেশি পানি দেওয়ার ব্যাপারে রাজি হয় ভারত। কিন্তু চূড়ান্ত খসড়ায় দেখা যাচ্ছে, বাংলাদেশকে দেওয়া এই বেশির পরিমাণ অর্ধেকের মতো। মমতার আরও অভিযোগ, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র তাঁর সঙ্গে শুরুতে প্রায় কোনো আলোচনাই করেনি। আর চুক্তির চূড়ান্ত খসড়াও তাঁকে দেখানো হয়নি।কূটনৈতিক সূত্র জানায়, তিস্তা চুক্তির বিষয়ে মমতা জানতে পারেন ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদির কাছ থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনীতিবিষয়ক কমিটির বৈঠকের আগে দীনেশের কাছে পাঠানো অন্যান্য কাগজের মাঝে তিস্তা চুক্তির খসড়াও ছিল। দীনেশ সেটি দেখে মমতাকে জানান। মমতা আপত্তি তুললে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননকে মমতার সঙ্গে কথা বলতে পাঠান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। সূত্র বলছে, মেনন মমতাকে বলেছেন, আগে চুক্তিটা হয়ে যাক, তারপর আপনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আপনার আপত্তির কথা জানান। প্রধানমন্ত্রীও আপনাকে জবাব দেবেন; গোটা বিষয়টা তখন ঠিক হবে। কারণ, এটা একটা অন্তর্বর্তীকালীন চুক্তি। কিন্তু এই যুক্তিতে টলেননি মমতা।আমাদের কলকাতা প্রতিনিধি জানান, গত রোববার তিস্তা চুক্তির চূড়ান্ত খসড়া দেখার পর মমতা যখন বেঁকে বসেন, তখন বাংলাদেশের পক্ষ থেকেও তাঁকে বোঝানোর একটা উদ্যোগ নেওয়া হয়। মমতার কালীঘাটের বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি নিয়ে আসেন তাঁর বিশেষ দূত। চিঠিতে তিস্তা চুক্তি নিয়ে মমতার সাহায্য প্রার্থনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, দূত মারফত শেখ হাসিনার কাছেও ওই একই অনুযোগ জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, গঙ্গা চুক্তির সময় ভারতের তৎ কালীন দেবগৌড়া সরকার পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছিলেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা করেনি। ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মমতার অভিযোগ, গঙ্গা চুক্তির ফলে আখেরে রাজ্যের ক্ষতিই হয়েছে। যেহেতু গঙ্গার উজানে উত্তর প্রদেশ বা বিহারের জল টেনে নেওয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় না, সেহেতু বাংলাদেশকে দিতে গিয়ে ফারাক্কায় পানি থাকে না। পানির অভাবে হলদিয়া বন্দর মরতে বসেছে। এমনকি, ড্রেজিংয়ের টাকা চেয়েও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া যায় না। এখন আবার তিস্তার ক্ষেত্রে সেই একই কাণ্ড ঘটানো হচ্ছে—দাবি করে মমতা কোনো অবস্থাতেই তা মানবেন না বলে জানান।তিস্তা চুক্তি স্থগিত হওয়ার আগে ঢাকায় শিবশংকর মেননের উপস্থিতিতে চুক্তিটির খসড়া চূড়ান্ত হয়েছিল। দিল্লি চেয়েছিল, পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী মানস ভূঁইয়া সেই বৈঠকে উপস্থিত থাকুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ঢাকায় যেতে দেননি।