তিস্তা চুক্তির ক্ষেত্রে এখনো কিছু মতভেদ রয়েছে: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে এখনো কিছু মতভেদ রয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে সেগুলোর সমাধান করতে হবে। মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরার পথে গত শনিবার মনমোহন সফরসঙ্গী সাংবাদিকদের এ কথা বলেন বলেন। খবর পিটিআইয়ের।মনমোহন বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’গত সেপ্টেম্বরে মনমোহনের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে মমতার বিরোধিতার কারণে চুক্তি হয়নি।মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও মনমোহনের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এ সময় তিস্তা চুক্তির বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানান মনমোহন।ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি জানিয়েছে, আমরা একটি জাতীয় মতৈক্য গড়ে তোলার চেষ্টা করব, যাতে একটি বাস্তবসম্মত অবস্থান থেকে চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়।’এ ছাড়া সেপ্টেম্বরে যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়েও শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মনমোহন। একই সঙ্গে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে মনমোহন বলেন, ‘আমরা বলেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতার চেষ্টা করব।’