তিস্তা চুক্তির খসড়ায় মমতার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে তিস্তার পানিবণ্টন নিয়ে একটি চুক্তিও হতে পারে। কিন্তু এ নিয়ে ভারতে মিশ্র প্রতিক্রিয়ার কথা জানা গেছে। পশ্চিমবঙ্গ এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে আসাম। সে দেশের প্রধান বিরোধী দল বিজেপি, অসম গণ পরিষদ, আরএসপি ইতিমধ্যে এ চুক্তি নিয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিন দিনের সফরে ঢাকা আসছেন।আজ বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, তিস্তার পানিবণ্টন চুক্তিটি চূড়ান্ত করার ক্ষেত্র তৈরিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তিনি চেয়েছেন, চুক্তির ফলে পশ্চিমবঙ্গে যেন পানিসঙ্কট না হয়। সব কিছু ভেবে-চিন্তেই তিনি চুক্তিটির খসড়ার ছাড়পত্র দিয়েছেন। মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে মমতা ব্যানার্জিরও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।খসড়া চুক্তি অনুযায়ী শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের গজলডোবা পয়েন্ট পর্যন্ত প্রবাহিত পানির পরিমাণ হিসাব করে পানিবণ্টন করা হবে। এতে ৪৬০ কিউসেক হারে পানির সঞ্চয় রেখে বাকি পানির ৪৮ শতাংশ বাংলাদেশ ও ৫২ শতাংশ পাবে ভারত। তবে পানি সমানভাবে বণ্টন করার দাবি রয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী পর্যায়ে চূড়ান্ত আলোচনা হবে। দু’দেশের মধ্যে এ বিষয়ে ১৫ বছর মেয়াদী একটি অন্তবর্তীকালীন চুক্তির কথা বলা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশে ব্যারাজ তৈরি করে সেচ খাল দিয়ে সারা বছর চাষাবাদের পানি পাওয়া এখন দুই দেশের লক্ষ্য। এ ছাড়া বাড়তি পানি আটকে দু’দেশে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও জলবিদ্যুত্ তৈরি করা।তবে চুক্তিটির বিরোধীতা করছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ক্ষমতাসীন কংগ্রেস দলের পক্ষ থেকে কোনো ধরনের বিরোধিতার কথা বলা হয়নি। বরং মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। ওই রাজ্যের দুই বিরোধী দল অসম গণ পরিষদ ও বিজেপির পক্ষ থেকে দুই দেশের সমস্যা সমাধানের যে কোনো উদ্যোগের বিরোধিতা করার কথা বলা হয়েছে। এই দুই দলের কথাবার্তা অধিকাংশ রাজনৈতিক। তারা রাজ্যের মানুষের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন। বামপন্থী রাজনৈতিক দল আরএসপি বলছে, তিস্তার পানিবণ্টনে কোনো চুক্তি হলে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে এই দলের বেশ প্রভাব আছে। ফলে, তিস্তা তাদের কাছেও রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।