তিস্তা চুক্তির জন্য কূটনৈতিক তত্পরতা অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি বিশেষ কারণে তিস্তা চুক্তি হয়নি। আমরা চুক্তির জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু ভারতের অসুবিধায় সেটা হয়নি। তবে আমরা বসে নেই। এ জন্য কূটনৈতিক তত্পরতা অব্যাহত রয়েছে।’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একদল নেতা-কর্মী গতকাল রোববার প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এম ফজলুর রহমানকে উদ্ধৃত করে নিউজ ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের স্বার্থহানি করে আওয়ামী লীগ কখনো কারও সঙ্গে কোনো চুক্তি করেনি। ভবিষ্যতেও করবে না। যারা সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মাঠ গরম করতে চাইছে, তারাই দেশের স্বার্থবিরোধী কাজ করেছে। জনগণ তাদের সঙ্গে নেই।ট্রানজিট চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ট্রানজিট চুক্তি হলে সেটা বাংলাদেশের স্বার্থকে সামনে রেখেই করা কবে। তিনি অভিযোগ করেন, বিরোধীরা এ নিয়ে ওত পেতে বসেছিল আন্দোলনে নামার জন্য। কিন্তু তাদের সে আশা পূর্ণ হয়নি।দিনবদলের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল, তা অনেকাংশেই পূরণ হয়েছে বলে প্রধানমন্ত্রী দাবি করেন। আগামী আড়াই বছরে নির্বাচনে দেওয়া বাকি প্রতিশ্রুতি পূরণও সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী দেশের স্বার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভেদ-বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এদিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ।