তিস্তা চুক্তির বিষয়ে রুদ্র কমিশনের প্রতিবেদন এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে চলতি মাসের শেষে প্রতিবেদন জমা দেবে কল্যাণ রুদ্র কমিশন। পানি বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের বরাত দিয়ে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আজ বুধবার এ খবর জানিয়েছে।কল্যাণ রুদ্র বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি প্রস্তাব উপস্থাপনের জন্য আমাকে বৈজ্ঞানিক সমীক্ষা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাকে আরও কিছু গবেষণার কাজ করতে হবে। আশা করছি, চলতি মাসের শেষে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করতে পারব।’তিস্তার পানি বণ্টনে বাংলাদেশ ও ভারতের কাছে গ্রহণযোগ্য হিস্যার বিষয়টি সুরাহার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ নভেম্বর কল্যাণ রুদ্রের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে গত ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি চুক্তি সই হয়নি। শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়, তিস্তায় পানিপ্রবাহ কমেছে। তাই বাংলাদেশকে ২৫ ভাগের বেশি পানি দেওয়া সম্ভব নয়। অথচ দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিন্ন নদীটির পানির একটি অংশ স্বাভাবিক প্রবাহের জন্য রেখে বাকি অংশ প্রায় সমান দুই ভাগে ভাগ হবে।