তিস্তা চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের সঙ্গে বহু প্রতীক্ষিত তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন। নয়াদিল্লিতে ২৭ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) টিপাইমুখ বাঁধসংক্রান্ত বিশেষজ্ঞ গ্রুপের প্রথম বৈঠকের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি শুভ সূচনা।’ খবর বাসস ও ইউএনবির।আজ বুধবার তেহরানের গ্র্যান্ড আজাদি হোটেলে দুই দেশের নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ তেহরান গেছেন। সম্মেলনের প্রাক্কালে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠক করলেন। বৈঠকে মনমোহন বলেন, ভারতের মন্ত্রিসভা বাংলাদেশের সঙ্গে বহু প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তি অনুমোদন করেছে এবং তা পাস করার জন্য এখন পার্লামেন্টে পাঠানো হবে। মন্ত্রিসভা এ চুক্তি অনুমোদন করায় শেখ হাসিনা ভারত সরকারকে ধন্যবাদ জানান।ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা, মিজোরামসহ বিভিন্ন এলাকায় আরও চারটি সীমান্ত হাট খোলার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ত্রিপুরার পালাটানা বিদ্যুত্ প্রকল্প থেকে অতিরিক্ত ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ বাংলাদেশে রপ্তানির প্রক্রিয়াও চলছে। শেখ হাসিনা আগামী মাসে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে জলবিদ্যুত্ খাতে সহযোগিতার বিষয়ে অনুষ্ঠেয় বৈঠক সফল হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অক্টোবরে নেপাল ও ভারতের সঙ্গে এ ধরনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।’ এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।