তিস্তা চুক্তির ব্যাপারে বাংলাদেশ আশাবাদী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভারতের সঙ্গে তিস্তার পানি-বণ্টন নিয়ে চুক্তির ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশের ৯০ বছর পূর্তি উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথভাবে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার কলকাতার সাহিত্য একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।মুহিত বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দিকে তাকিয়ে আছি।’ তবে তিস্তার পানি-বণ্টন চুক্তি হবেই—দৃঢ়তার সঙ্গে জানান তিনি। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলবেন কিনা—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মন্ত্রী।মন্ত্রী বলেন, দুই বছর আগে ভারত সরকার বাংলাদেশকে যে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এর বেশির ভাগ ব্যবহারে ভারতের সঙ্গে এর মধ্যে চুক্তি হয়ে গেছে।