তিস্তা চুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব নয়: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, তিস্তার চুক্তি কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়। তবে তিস্তা চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। রাজধানীতে আজ মঙ্গলবার দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত নিরাপত্তা সংলাপের উদ্বোধন করে গওহর রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ সংলাপের আয়োজন করেছে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ভারত ও মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী। এ দুই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো করতে হবে। সম্পর্ক উন্নয়নের জন্য যা করা দরকার আমরা তা করছি। গওহর রিজভী বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে রাখার ক্ষেত্রে ওআরএফ ও বিইআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংলাপ এ সম্পর্ককে আরও এগিয়ে নেবে। গওহর রিজভী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন অনেক দূর এগিয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে দুই প্রধানমন্ত্রী অনেক বিষয়ে প্রতিশ্রুতি করেছিলেন। আমাদের সেগুলো বাস্তবায়ন করে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, অনেক বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মিল রয়েছে। দীর্ঘদিন আমরা একসঙ্গে ছিলাম। মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে। গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার ব্যাপারে আমরা দুই দেশ কাজ করছি।সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে অনেক ইতিবাচক উল্লেখ করে গওহর রিজভী বলেন, একজন মানুষকেও না সরিয়ে আমরা ছিটমহল সমস্যার সমাধান করেছি। একটি লোককে বাড়ি-ঘর ছাড়তে হয়নি। ২৪ ঘণ্টা এখন তিনবিঘা করিডরে যাওয়া যায়। আজকে বাংলাদেশ থেকে যত পণ্য ভারতে রপ্তানি হয়, তার ৯৮ ভাগই শুল্কমুক্ত।গওহর রিজভী বলেন, ‘অনেক অর্জন থাকলেও অনেকে মনে করেন, সবকিছু আটকে গেছে তিস্তায়। একটি শীর্ষ ইংরেজি দৈনিক তিস্তা চুক্তি না হওয়ার পর এভাবেই শিরোনাম করেছিল। আমি এই শিরোনামের সঙ্গে একমত নই। তবে তিস্তা চুক্তি না হওয়াটা দুই দেশের সম্পর্কে একটি প্রতিবন্ধকতা। আমাদের মধ্যে সমঝোতা হচ্ছে। তিস্তা চুক্তি হতে সময় লাগবে। সুনির্দিষ্ট করে দিনক্ষণ বলা যাবে না। কারণ, আমি যদি সুনির্দিষ্ট করে দিনক্ষণ বলি, আর সে দিন চুক্তি না হলে পরে আপনারা আমাকে ধরবেন।’সংলাপে ওআরএফের সভাপতি এম কে রাজগোত্রা বলেন, ‘আমি মনে করি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সীমান্তে হত্যা বন্ধ করা জরুরি।’ টিপাইমুখে দুই দেশের যৌথ সম্ভাব্যতা যাচাইয়েরও প্রস্তাব দেন রাজগোত্রা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইআইয়ের সভাপতি ফারুক সোবহান।