তিস্তা নিয়ে আপত্তি, ঢাকায় আসছেন না মমতা ব্যানার্জি
তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল রোববার তিনি বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্ত নেন। মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাঁর মতামত উপেক্ষা করে বাংলাদেশকে বেশি পানি দিচ্ছে তিস্তা চুক্তিতে। নয়াদিল্লি ও কলকাতায় মমতার ঘনিষ্ঠ সূত্রগুলো এ প্রতিবেদককে জানায়, কংগ্রেস নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চা (ইউনাইটেড পিপলস অ্যালায়েন্স—ইউপিএ) বাংলাদেশের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটারের চুক্তি কীভাবে বাস্তবায়ন হবে, তা মমতার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে। অথচ তিস্তার পানি বণ্টন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা তোলা হলেও চুক্তির খুঁটিনাটি সরকার মমতাকে জানায়নি বলে তাঁর অভিযোগ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহওর রিজভী গতরাতে বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, মমতা ব্যানার্জির সফর বাতিলের সিদ্ধান্ত মনমোহনের সফরে কোন প্রভাব ফেলবে না। তাঁর সফর বাতিলের বিষয়টিতে বাংলাদেশের কোন ভূমিকা নেই। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিষয়। কলকাতা প্রতিনিধি অমর সাহা জানান, মমতা ব্যানার্জি তাঁর এই সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের মাধ্যমে প্রধানমন্ত্রীর সচিবালয়ে জানিয়ে দিয়েছেন। মমতার বক্তব্য হলো, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তিনিও চান। হাসিনার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তিনি চান দুই দেশের মানুষ ভালো থাকুক। তবে রাজ্যের স্বার্থ সব সময়ই তাঁর কাছে অগ্রাধিকার পেয়ে এসেছে। তাই এ ক্ষেত্রে তিনি কোনো আপস করতে রাজি নন। তিনি মনে করেন, রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চুক্তি হচ্ছে। তিনি চান দুই দেশের সম্পর্কের খাতিরে চুক্তি সম্পাদন হোক। এ প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের সঙ্গে চুক্তি করা হবে, বিষয়টি পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত, অথচ তাঁকে জানানো হয়নি বাংলাদেশকে কী পরিমাণ পানি দেওয়া হচ্ছে। পরে বিভিন্ন মাধ্যমে জেনেছেন, তিস্তার পানির সমান ভাগ পাবে বাংলাদেশ। এতে বঞ্চিত হবে পশ্চিমবঙ্গ। তিস্তার পানির এমন হিস্যার মাধ্যমে পশ্চিমবঙ্গের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে কেন্দ্রীয় সরকার। এমন এক পরিস্থিতিতে এ চুক্তি সইয়ের প্রক্রিয়া থেকে নিজেকে বিরত রাখতে চান পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে তিনি ঢাকায় আসার সিদ্ধান্ত বাদ দেন। কলকাতার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রী নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করলে মমতার মনোভাব হয়তো পরিবর্তন হতে পারে। এ জন্য আজকের (সোমবার) দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে দাবি করেছে, মমতা ব্যানার্জি ঢাকায় আসছেন। তবে মনমোহনের সঙ্গে নয়। তিনি আগামীকাল মঙ্গলবার বিকেলে আলাদা ফ্লাইটে ঢাকায় আসবেন।