তিস্তা নিয়ে প্রথম মুখ খুললেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম তিস্তার পানিবণ্টন ইস্যু নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুখ খুলেছেন। তিনি বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত তৈরি করেছে। তবে তিনি আশা প্রকাশ করে এ কথাও বলেছেন, এ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক বজায় থাকবে।আজ শনিবার রাজধানী নয়াদিল্লিতে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।’ ১৯ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনবিঘা পরিদর্শনের সময় তিনি কেন তিনবিঘায় যাননি—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাকে জানানো হয়নি। তা ছাড়া তিনবিঘার বিষয়টি ভারত ও বাংলাদেশের। রাজ্যের কোনো বিষয় নয়।’ মমতা বলেন, ‘তিস্তার পানিবণ্টন ইস্যু বা তিনবিঘা করিডরে সফর না করা নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদের প্রশ্ন নেই। তিনবিঘা করিডর নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো বিরোধ নেই।’গত ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন হওয়ার কথা থাকলেও মমতা সেই চুক্তির বিরোধিতা করে ঢাকা সফর বাতিল করেন। এর ফলে ভারত সরকার সেই সময় তিস্তা চুক্তি সম্পাদন স্থগিত করে।এদিকে হিন্দুস্তান টাইমস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জানায়, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবিঘা করিডর সফর করেন। সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উপস্থিত থাকার কথা ছিল। ওই সময় চেন্নাইয়ে তাঁর মায়ের অস্ত্রোপচার হয়। এ জন্য তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে অনুমতি নিয়ে চেন্নাইয়ে চলে যান। তাই শেষ পর্যন্ত শেখ হাসিনার সফরের সময় তাঁর থাকা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকেও উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় সরকারের নেতারা। তবে মমতার সম্মতি আদায়ে ব্যর্থ হন তাঁরা। এ নিয়ে পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই পশ্চিমবঙ্গের মূখ্যসচিব সমর ঘোষের সঙ্গেও কথা বলেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। কেন্দ্রকে জানানো হয়, মুখ্যমন্ত্রী বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি কোনোভাবেই যেতে পারবেন না।