তিস্তা নিয়ে বারবার আশ্বস্ত করেছে ভারত
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেছেন, ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং ছিটমহল সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। এর মধ্যে ভারত সরকারও বারবার বাংলাদেশকে আশ্বস্ত করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে।আজ শুক্রবার বিকেলে কলকাতার রবীন্দ্রস্মৃতিবিজড়িত জোড়াসাঁকোর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উদয় শঙ্কর মিলনায়তনে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন’ শীর্ষক এক বিশেষ সেমিনারে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মিজারুল কায়েস এসব কথা বলেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মিজারুল কায়েস বলেন, ভারত সরকার বাংলাদেশকে আশ্বস্ত করেছে তিস্তা পানিবণ্টন চুক্তি হবেই। দেশের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে এই চুক্তি সম্পাদনে দেরি হচ্ছে। তবে সেসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছে ভারত সরকার।মিজারুল কায়েস আরও বলেন, ছিটমহল বিনিময়ের জন্য ভারত সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এখন ভারতের পার্লামেন্ট অনুমোদন দিলেই এই চুক্তি সম্পাদিত হবে। এ লক্ষ্যে ভারত সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে।পররাষ্ট্রসচিব আরও জানান, টিপাইমুখ সমস্যা সমাধানের জন্য গঠিত যৌথ কমিটির বৈঠকও আগামী মাসে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ভারতের মাটিতে যেসব বাংলাদেশি মুক্তিযোদ্ধার কবরের সন্ধান মিলেছে বা যেসব কবরের খোঁজ পাওয়া যায়নি, সেসব কবর সন্ধানের ব্যাপারে ভারত সরকার সাহায্য করার আশ্বাস দিয়েছে।নজরুল সেমিনারএদিকে আজ বিকেলে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ বিদ্যাচর্চাকেন্দ্র এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উদয় শঙ্কর মিলনায়তনে বিদ্রোহী কবির জীবনদর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। আলোচনায় অংশ নেন অধ্যাপক স্বপন মজুমদার ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী।সেমিনারে মিজারুল কায়েস বলেন, ‘অসাধারণ সংগীত প্রতিভার ফসল কবি নজরুলের সাম্যের গান আর কবিতা আমাদের দুই দেশের মৈত্রীবন্ধন দৃঢ় করেছে।’ আলোচনার মাঝে মিজারুল কায়েস কয়েকটি নজরুলসংগীতের অংশবিশেষ গেয়েও শোনান। আবৃত্তি করে শোনান কবিতাও। তিনি এ-ও ঘোষণা দেন, এখন থেকে বাংলাদেশের সংস্কৃতিচর্চা বৃদ্ধির জন্য প্রতি মাসে রবীন্দ্র ভারতীতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে।