তিস্তা নিয়ে ভারতকে আলোচনার প্রস্তাব
তিস্তা নদীর পানি ভাগাভাগির চুক্তির বিষয়ে আবারও আলোচনা শুরুর লক্ষ্যে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ প্রস্তাব ভারতের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ চায়, যত দ্রুত সম্ভব বৈঠকটি অনুষ্ঠিত হোক। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল শনিবার বিবিসিকে এ কথা বলেন। তিনি গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) সেবা গ্রহণকারী সম্মেলনেও এ বিষয়ে বক্তব্য দেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত—দুই দেশের স্বার্থেই চুক্তিটি সই হওয়া প্রয়োজন।রমেশ চন্দ্র সেন বলেন, একসময়ে দেশের নদীগুলোতে পানির ব্যাপক প্রবাহ ছিল। সাম্প্রতিককালে পানিপ্রবাহের অপর্যাপ্ততার কারণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার নদীদূষণ রোধে এবং নাব্যতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী বুড়িগঙ্গা রক্ষায় বস্ত্র ও চামড়াশিল্পকে রাজধানী থেকে অবশ্যই সরিয়ে নেওয়া উচিত বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান। ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং পানি ও জলবায়ু সুরক্ষায় আইডব্লিউএম-এর ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএমের নির্বাহী পরিচালক এম মনোয়ার হোসেন। বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান প্রমুখ।