তিস্তা নিয়ে মমতার উদ্বেগ মনমোহনকে জানাব: অম্বিকা
বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা চুক্তি সই না হওয়ার পেছনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল জোরালো। তাঁর আপত্তির কারণেই দুই দেশের মধ্যে বহু প্রত্যাশিত ওই চুক্তিটি সই হয়নি। তবে তিস্তা চুক্তি নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর সে জন্য সবচেয়ে বেশি দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘না’ কে ‘হ্যাঁ’ বানানো। আশার কথা হলো, ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অম্বিকা সোনি আজ শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ ডট কম সূত্রে জানা গেছে, দুই নেত্রী কথা বলেছেন তিস্তা চুক্তি নিয়েই। মমতার সঙ্গে সাক্ষাতের পর অম্বিকা সোনি সাংবাদিকদের বলেন, তিস্তা চুক্তি মমতার উদ্বেগের বিষয়টি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জানানো হবে।কলকাতায় মমতার সঙ্গে সাক্ষাত্ সোনির পূর্বনির্ধারিত ছিল না। কলকাতায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিত্ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের দুটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন সোনি। এরই পাশাপাশি তিনি মমতার সঙ্গে সাক্ষাত্ করেন। তবে সোনি-মমতার ওই সাক্ষােক যথেষ্ট তাত্পর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, সাক্ষাতে তাঁরা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া সরকারি সূত্রে জানা গেছে, সোনি ও মমতার সম্পর্ক খুব ঘনিষ্ঠ। এ ছাড়া অম্বিকা সোনি ব্যক্তিগতভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ভক্ত।সম্প্রতি বাংলাদেশ ও ভারতে সবচেয়ে আলোচিত ইস্যু তিস্তা চুক্তি। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফর করেন। মমতার বিরোধিতার কারণেই সে সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সই হয়নি। ওই সফরে মনমোহনের সঙ্গে প্রতিনিধি দলে মমতারও বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি বেঁকে বসেন। বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সই হওয়ার ব্যাপারে জোরালো আপত্তি জানিয়ে মমতা বলেন, এতে করে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা হবে না। মমতার আপত্তির কারণেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি সই হয়নি। মমতার দল তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সহিংসতা (সংরক্ষণ) বিলেরও বিরোধিতা করেছে। পশ্চিমবঙ্গ সরকার সূত্রে জানা গেছে, একজন মুখ্যমন্ত্রীকে তাঁর রাজ্যের জনগণের জন্য স্পর্শকাতর বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়। এ কারণে মমতা ও তাঁর দল এ ধরনের অবস্থান নিয়েছে।