তিস্তা নিয়ে হিলারি-মমতার আলোচনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে কোনো কথা হয়নি। আজ সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় মহাকরণে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা এ কথা জানান।মমতা বন্দোপাধ্যায় জানান, ভারতের খুচরা ব্যবসায়ে বিদেশী পুঁজি বিনিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি বাংলাদেশের কোনো বিষয় নিয়েও ওই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি দুইদিনের সফরে গতকাল রোববার কলকাতায় পৌঁছেন। আজ সকাল নয়টার দিকে তিনি কলকাতার ঐতিহ্যবাহী লা-মার্টিনিয়া স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি কলকাতার বিশিষ্টজন ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। সেখানে হিলারি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার লড়াকু আন্দোলন এবং ক্ষমতায় আসার পর তাঁকে অভিনন্দন জানানোর জন্যই তিনি কলকাতায় এসেছেন। ছাত্রছাত্রীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হতে চলেছে কলকাতা। বাড়ছে কলকাতার অর্থনৈতিক গুরুত্ব। তাই তিনি চান কলকাতা বন্দরের সংস্কার এবং গভীর সমুদ্র বন্দর গড়া হোক। হিলারি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত সন্ত্রাস দমনের যে উদ্যোগ নিয়েছে তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। তারাও চায়, মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী হাফিজের গ্রেপ্তার। নিজেদের স্বার্থে পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।এরপর বেলা ১১টার দিকে হিলারি আসেন পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে। প্রবেশদ্বারে তাঁকে অভ্যর্থনা জানান মমতা। দুজনে দুহাত তুলে নমস্কার জানান। এরপরে হিলারি মমতার সঙ্গে একান্ত বৈঠকে বসেন। ২৫ মিনিট দুজনের একান্ত বৈঠকের পর হিলারির সঙ্গে আসা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আরেকটি বৈঠকে বসেন মমতা, হিলারি ও পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীসহ রাজ্যের তিন উচ্চপদস্থ কর্মকর্তা। সব মিলিয়ে এক ঘণ্টার বেশি সময় বৈঠকের পর হিলারি মহাকরণ ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হন। তবে তিনি অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে সোজা চলে যান কলকাতা বিমানবন্দরের দিকে। বেলা একটার দিকে মুখ্যমন্ত্রী মমতা সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা জানান, তাদের এই বৈঠকে তিস্তার পানিবণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি হিলারি ক্লিনটন এ ব্যাপারে কোনো আলোচনার কথাও তোলেননি। তবে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তিত রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্র এই রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। বৈঠকের পর মমতা রাজ্যবাসীর উপঢৌকন হিসেবে হিলারির হাতে তুলে দেন বালুচরি ও কাথা সেলাই করা উত্তরীয়, ডোকরা ও শোলার তৈরি শিল্প সামগ্রী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বই। হিলারিও মমতাকে কবিগুরুর লেখা আগুনের পরশমনি গানের ওপর তৈরি একটি আসন উপহার দেন।