মমতার সঙ্গে বৈঠকের পর দীপু মনি
তিস্তা ভারত-বাংলাদেশ সরকারের বিষয়, আমি মন্তব্য করতে চাই না
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করেই তিস্তার পানিবণ্টন চুক্তি হবে। আজ বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠক শেষে দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘ব্যাঙ্গালুরুতে একটি সেমিনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পর তাঁকে অভিনন্দন জানাতে ও সৌজন্য সাক্ষাত্ করতে কলকাতায় এসেছি। দীপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিস্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু তিস্তা চুক্তির বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের বিষয়। তবে এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। আমরা চাই তিস্তা চুক্তি সই হোক।’দীপু মনি বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। একইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আমন্ত্রণও গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ দীপু মনির বক্তব্যের পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, ‘তিস্তা চুক্তি হোক সেটা আমি চেয়েছি। কিন্তু এ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়িয়েছে। বিতর্ক সৃষ্টি করেছে। বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের বন্ধু। আমরা চাই না বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক। বাংলাদেশের স্বার্থ নিশ্চয়ই আমরা দেখব।’ তিনি বলেন, ‘তিস্তার পানি বাংলাদেশ পেলে আমি খুশি হব। তবে পানির প্রবাহ নিয়ে একটু সমস্যা রয়েছে। তাই তিস্তার পানি পরিমাপের জন্য আমরা ইতিমধ্যে নদীবিশেষজ্ঞ কল্যাণ রুদ্রর নেতৃত্বে কমিটি গঠন করেছি। সেই কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমি কথা বলব ভারত সরকার এবং বাংলাদেশের সঙ্গে। তারপর তিস্তা চুক্তি সই হবে।’ মমতা আরও বলেন, ‘সম্পর্ক গড়ে তোলা যত কষ্ট তেমনি সম্পর্ক নষ্ট করে দেওয়া তত সহজ।’ মমতা দীপু মনিকে বোন বলে সম্বোধন করে বলেন, ‘বাংলাদেশ আমার অধিক ভালোবাসার জায়গা। একসময় আমরা অবিভক্ত ভারতে ছিলাম। আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র তাই এই বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব সুদূর অতীত দিনের।’ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাষা সংস্কৃতি এক। আমরা বাংলাদেশের সঙ্গে সংস্কৃতি বিনিময় নিয়েও আলোচনা করেছি। এতে করে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।’গত সেপ্টেম্বর মাসে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি সইয়ের কথা থাকলেও মমতার আপত্তিতে সেই চুক্তি হয়নি। মমতাকে মনমোহনের সফরসঙ্গী করা হলেও মমতা ওই সময় বাংলাদেশ সফর বাতিল করেন। এদিকে এবার মালদ্বীপের আদ্দুতে সার্ক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকেও তিস্তা চুক্তি নিয়ে কথা হয়। সেখানেও মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন শিগগিরই তিস্তা চুক্তি হবে। আর সেই চুক্তি হবে মমতাকে সঙ্গে নিয়েই।বৈঠকে দীপু মনির সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, কলকাতায় নিযুক্ত উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।