তিস্তা সেতু উদ্বোধনে লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার প্রবেশদ্বারে তিস্তা সড়ক সেতু উদ্বোধন করতে আজ বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত লালমনিরহাট কালেক্টর মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী আজ বুড়িমারী-লালমনিরহাট সংস্কার করা রেললাইন ও লালমনিরহাট ডায়াবেটিক বহুতল হাসপাতাল ভবনের উদ্বোধন করবেন। লালমনিরহাট নার্সিং কলেজ, কাকিনা মহিপুর দ্বিতীয় তিস্তা সড়ক সেতু এবং লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ী-কুড়িগ্রাম দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর কেন্দ্র করে তোরণ ও ব্যানার-ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ও জনসভাস্থল সাজানো হয়েছে।এ ব্যাপারে লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালমনিরহাট আগমন ও বিভিন্ন কর্মসূচি সামনে রেখে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।লালমনিরহাট পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি রংপুর অঞ্চলের কয়েক লাখ মানুষের আর্থসামাজিক ও যোগাযোগের উন্নয়নে ভূমিকা রাখবে। এ কারণে তিস্তা নদীর পশ্চিম পাড়ের রংপুর ও পূর্ব পাড়ের কুড়িগ্রাম-লালমনিরহাট জেলার মানুষ এখন আনন্দে উদ্বেলিত।২০০১ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নদীর ওপর সড়ক সেতুটির ভিত্তি স্থাপন করেন। তখন সেতুটি নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে প্রায় ৫০ লাখ টাকা প্রাথমিক বরাদ্দ দেওয়া হয়।এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্বিতীয়বার সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ৮৭ কোটি ৬ লাখ টাকা। তিস্তা সেতুর কাজ পুনরায় শুরু হলে আবারও তা ঝুলে যায়।২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে সংশোধিত ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শেষ করে। তিস্তা সড়ক সেতুর উপপ্রকল্প পরিচালক আশরাফ হোসেন বাসসকে জানান, ৭৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ, শোভাবর্ধনের কাজ শেষ হয়েছে। সেতুটির প্রস্থ ১২ দশমিক ১ মিটার। ১৪টি পিলার, ১৫টি স্প্যান ও দুটি অ্যাপার্টমেন্ট ওয়ালের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণে সর্বশেষ সংশোধিত ব্যয় হয়েছে ১২২ কোটি ৯ লাখ টাকা।