তিস্তাচুক্তি নিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টি করা হয়েছে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টির জন্য ‘কয়েকজন ব্যক্তি’ দায়ী। নয়াদিল্লিতে গতকাল শনিবার তিনি এ কথা বলেন।বার্তা সংস্থা পিটিআই জানায়, গতকাল নয়াদিল্লিতে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণের এক ফাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক অটুট রয়েছে। আমি আশা করি, ভারত ও বাংলাদেশ ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।’তিনবিঘা করিডরে শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে তাঁর উপস্থিত না থাকা এবং এ ব্যাপারে কেন্দ্রের প্রতি তিনি মনঃক্ষুণ্ন কি না—এমন প্রশ্নের জবাবে মমতা বলেন, তিনবিঘা করিডর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি। এটা ভারত ও বাংলাদেশ সরকারের বিষয়। শেখ হাসিনার তিনবিঘা পরিদর্শনের ব্যাপারে তাঁকে জানানো হয়নি।এর আগে ভারতের পত্রপত্রিকায়ও এ ধরনের খবর প্রকাশিত হয় যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবিঘায় উপস্থিত থাকতে আগে থেকে আমন্ত্রণ জানানো হয়নি।আমাদের নয়াদিল্লি প্রতিনিধি গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানান, তিনবিঘা করিডর দিয়ে শেখ হাসিনার ছিটমহল পরিদর্শনের বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারকে আগেই জানানো হয়েছিল। কেন্দ্রীয় পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সমর ঘোষের সঙ্গে এ নিয়ে কথা বলেন। তাঁকে জানানো হয়, মুখ্যমন্ত্রী বর্তমানে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তিনি কোনোভাবেই তিনবিঘায় যেতে পারবেন না।আমাদের কলকাতা প্রতিনিধি জানান, ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গের অভ্যন্তরে কোচবিহার জেলায় অবস্থিত বাংলাদেশি ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতা সফরকালে তিনবিঘা করিডর পরিদর্শন করেন শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ উপস্থিত থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত ৬ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করেন। এ সময় কেন্দ্রের আমন্ত্রণ সত্ত্বেও মনমোহনের সফরসঙ্গী হতে অস্বীকৃতি জানান মমতা। মনমোহনের ওই সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও মমতার অসম্মতি এবং তাঁর বেঁকে বসার কারণেই শেষ পর্যন্ত তিস্তাচুক্তিটি হয়নি বলে গণমাধ্যমের খবরে বলা হয়।