তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তিতে গুরুত্ব দেবে বাংলাদেশ
অভিন্ন নদী তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের আগে একটি যৌথ প্রবাহ সমীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে ভারত। এ পরিপ্রেক্ষিতে অন্তত ১০ বছর মেয়াদি একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই করতে চায় বাংলাদেশ। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৮ মার্চ থেকে দিল্লিতে দুই দেশের পানিসম্পদ-মন্ত্রীদের নেতৃত্বে অনুষ্ঠেয় যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে বাংলাদেশ তিস্তার পানিবণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তির ওপর প্রাধান্য দেবে।দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠেয় তিন দিনের জেআরসি বৈঠকে যোগ দিতে পানিসম্পদ-মন্ত্রী রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল কাল বুধবার সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ছেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, পানিসম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও জেআরসির সদস্য সৈয়দ মীর সাজ্জাদ হোসেন।এদিকে পানিসম্পদ-মন্ত্রীদের আগে একই দিন দুই দেশের পানিসম্পদ সচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে।গত ১১ জানুয়ারি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বৈঠক হতে যাচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়, দুই দেশের মানুষের দুর্দশা কমাতে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধানে মার্চের মধ্যে পানিসম্পদ-মন্ত্রীরা আলোচনায় বসবেন।ভারতের নয়াদিল্লিতে ১৮ মার্চ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক বসছে। বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয় নিয়ে আলোচনা হবে। দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠেয় তিন দিনের ওই বৈঠকে তিস্তার পানিবণ্টনে একটি চুক্তি সইয়ের বিষয় প্রাধান্য পাবে। দীর্ঘমেয়াদি চুক্তি না হলে বাংলাদেশ অন্তত অন্তর্বর্তীকালীন চুক্তি সই করতেও রাজি আছে।পানিসম্পদ-মন্ত্রী রমেশ চন্দ্র সেন সম্প্রতি প্রথম আলোকে জানান, ভারতের পানিসম্পদ-মন্ত্রী পবন কুমার বানসালের সঙ্গে বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তিতে ইতিবাচক সিদ্ধান্তের ব্যাপারে তিনি আশাবাদী।রমেশ চন্দ্র সেন বলেন, ‘তিস্তার পানিবণ্টনে চুক্তি সইয়ের জন্য এরই মধ্যে আমরা ভারতের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছি। তারাও মনে করে, চুক্তি সই হওয়া উচিত। এ প্রেক্ষাপটে চুক্তি সইয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যে পদ্ধতিতে পানির হিস্যা নির্ধারণ করে তিস্তার পানিবণ্টনে বাংলাদেশ চুক্তি সই করতে চায়, তাতে এখনই রাজি নয় ভারত। এ চুক্তিতে নদীর ২০ শতাংশ পানি স্বাভাবিক প্রবাহের জন্য রেখে বাকি ৮০ শতাংশ সমান দুই ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারত মনে করে, যৌথ প্রবাহ সমীক্ষার আগে চুক্তি সই করা ঠিক হবে না। ভারতের যুক্তি হচ্ছে, আশির দশকের মাঝামাঝি সময়ের পর তিস্তার প্রবাহ নিয়ে কোনো সমীক্ষা হয়নি। সে ক্ষেত্রে যৌথ প্রবাহ সমীক্ষা আগে করা উচিত, চুক্তি সই নয়। কিন্তু প্রবাহ সমীক্ষার কাজটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ। তাই বাংলাদেশ চায়, অন্তত অন্তর্বর্তীকালীন হলেও একটি চুক্তি সই হোক।এর আগে গত ৪-৫ জানুয়ারি ঢাকায় জেআরসির সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশের পানিসম্পদ সচিব ওয়াহিদ-উজ-জামান ও ভারতের পানিসম্পদ সচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার সাংবাদিকদের জানিয়েছিলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য কমেছে।