তিস্তার চরে মরিচ ঝুমঝুম করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুমে তিস্তা নদীর বুকে জেগে ওঠে ছোট-বড় বেশ কিছু চর। এসব চরে তখন পা পড়ে মানুষের। কিছুদিনের মধ্যে চরগুলো ছোট ছোট সবুজ গাছে ভরে যায়। থোকায় থোকায় ধরে কাঁচা মরিচ। রংপুরের কাউনিয়া উপজেলায় প্রতিবছর এভাবে মরিচের চাষ হয়। এই আবাদ দিন ফিরিয়েছে অনেক চাষির। তাঁরা আজ স্বাবলম্বী। স্থানীয় ভাষায় মরিচকে ‘আকালি’ বলা হয়। মরিচ নিয়ে ওই অঞ্চলে একটি জনপ্রিয় ভাওয়াইয়া গানও রয়েছে। গানটি হচ্ছে, ‘কানছায় গারিনু আকাশি আকালি/ আকালি ঝুমঝুম করে রে বন্ধুয়া/ বাতাসে হেলিয়া পড়ে/ সাইল ডাইরকা মাছোত দিনু জোড়া আকালি/ তুসতুস করিয়া/ দেইম পিঁয়াজও কুটিয়া উহাতে/ দেইম আরও সালুক ও নাপা/ খাইমেন গন্ধে গন্ধেরে বন্ধুয়া/ আকালি ঝুমঝুম করে...।’ এই গানের কলির মতো তিস্তার চরে বিস্তৃত মরিচখেতে মরিচগুলো যেন সত্যিই ঝুমঝুম করে সাফল্যের বাজনা বাজায়। তিস্তার ১৫টি চরে এখন এক হাজার ২০০ একর জমিতে এক হাজার পরিবার মরিচ চাষ করছে। চরে মরিচ চাষের প্রথম স্বপ্ন দেখেন কাউনিয়ার আরজি হরিশ্বর গ্রামের আমির আলী (৬৫)। মরিচ চাষে আমির শুধু নিজের দারিদ্র্যই দূর করেননি, অনেক কৃষকের আয়ের পথও খুলে দিয়েছেন। পাশের উপজেলা পীরগাছার তিস্তার চরেও এখন মরিচ চাষ হচ্ছে। উত্পাদিত কাঁচা মরিচ ঢাকা, যশোর, কুষ্টিয়া নিয়ে যাচ্ছেন পাইকারেরা। আমিরের খোঁজে: কাউনিয়া উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে আরজি হরিশ্বর গ্রামে আমির আলীর বাড়ি। কাঁচা সড়ক ধরে তাঁর বাড়ি যাওয়ার পথে চরের মরিচখেতে সবুজের সমারোহ নজর কাড়ে। চারদিকে যেখানে চোখ যায়, শুধু মরিচখেত। নারী-পুরুষ সবাই মিলে কেউ খেত নিড়াচ্ছে, কেউবা মরিচ তুলছে। আমির আলীকে পাওয়া গেল তাঁর মরিচখেতে। মরিচ তোলায় ব্যস্ত। একসময় দিনমজুরি করতেন। ১৯৮৯ সালে কাজের খোঁজে বগুড়ার সারিয়াকান্দি যান। সেখানে আবদুল গফ্ফার নামের এক ব্যক্তির মরিচখেতে মজুরের কাজ করতে গিয়ে তিনি শিখে ফেলেন চাষের পদ্ধতি।আমির আলী জানান, সে বছরই গ্রামে ফিরে চরের ১৫ শতাংশ জমিতে মরিচ চাষ শুরু করেন। ফলন খুব ভালো হয়। মরিচ বিক্রি করে লাভ হয় চার হাজার টাকা। পরের বছর দুই হাজার টাকা দিয়ে তিনি ৫০ শতাংশ জমি ইজারা নেন। পরিবারের সদস্যদেরও চাষবাসে লাগিয়ে দেন। এবার তাঁর লাভ হয় ১৫ হাজার টাকা। এভাবে দিনদিন সফল মরিচচাষি হয়ে ওঠেন। এত দিনে মরিচ চাষের আয়ের টাকা দিয়ে তিনি ১৬ একর জমি কিনেছেন, বাড়ি করেছেন, জমি চাষের জন্য কিনেছেন ট্রাক্টর। দুই মেয়ে জাহানারা ও জমিরনকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন। এক ছেলে এরশাদুল কলেজে পড়ছেন, দুই ছেলে এমদাদুল ও আবদুর রাজ্জাক বাবার সঙ্গে মরিচ চাষ করছেন।এ বছর আমির আলী সাত একর জমিতে চাষ করেছেন। এর মধ্যে তিনি দুই লাখ টাকার মরিচ বিক্রি করেছেন। আরও পাঁচ লাখ টাকার মরিচ বিক্রি হবে বলে তিনি আশা করছেন। আমির জানান, প্রতিবছর সব খরচ বাদে মরিচ চাষে তাঁর সাড়ে তিন লাখ টাকা মুনাফা হয়। তিনি বলেন, গ্রামের সবাই এখন মরিচ চাষ করছে। তারা তাঁর কাছ থেকে বিভিন্ন পরামর্শও নেয়। খরচ কম, লাভ বেশি: চরের বেলে দো-আঁশ মাটি নরম হওয়ায় মাত্র তিনবার লাঙল চালালেই জমি মরিচ চাষের উপযোগী হয়। এরপর সার ছিটিয়ে ওই জমি উর্বর করা হয়। তারপর চলে বীজ বোনা। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে তা। বীজ থেকে চারা গজানোর দুই সপ্তাহ পর গাছ কিছুটা বড় হলে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দেওয়া হয়। এতে গাছগুলো ফলবতী হয়। ডিসেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মরিচ তোলা হয়। কাউনিয়ার চর গ্রামের রাশেদুল ইসলাম বলেন, প্রতি একর জমিতে মরিচ চাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। উত্পাদিত মরিচ বিক্রি করে পাওয়া যায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা। সারা মৌসুমে পাঁচ-ছয়বার খেত থেকে কাঁচা মরিচ এবং দুবার পাকা মরিচ তোলা হয়। আমিরের পথ ধরে: নজির দহচর, কাউনিয়ার চর, প্রাণনাথ চর, আরজি হরিশ্বর চর, হরিশ্বর চর, গাদাই চর, পাঞ্চার ভাঙ্গা চর, গানাই চর, ভূষ মানার চর, বিশ্বনাথ চর, হায়াত খান চর, আজম খান চরসহ ১৫টি চরে মরিচের চাষ হচ্ছে। কাউনিয়ার চরের আবদুল লতিফ বলেন, ‘আমিরের সাফল্য দেখে ১০ বছর আগে মরিচ চাষে উত্সাহিত হই। এ আয় থেকে আমার ছয় একর জমি ও বাড়ি হয়েছে। এবার ছয় একরে জমিতেই আবাদ করেছি।’ ১১ বছর আগে গদাইচর গ্রামের জ্যোত্স্না খাতুনের দিনমজুর স্বামী মারা গেলে তিনি বিপাকে পড়েন। স্বামীর রেখে যাওয়া ১৩ শতাংশ জমিতে মরিচ চাষ করেন তিনি। সেই মরিচ বিক্রি করে এখন তিনি হাঁস-মুরগি ও গরু-ছাগল কিনেছেন। তিস্তাপারের বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর ইসলাম বলেন, ১৯৫০ সাল থেকে তিস্তায় পলি পড়তে থাকে। জেগে উঠতে থাকে চর। এসব চরই এখন আমিরের মতো মরিচচাষিদের সাফল্যের খনি। গড়ে উঠেছে বাজার: মরিচ চাষকে ঘিরে কাউনিয়ার তকিপাল হাটে গড়ে উঠেছে অস্থায়ী বাজার। সপ্তাহে তিন দিন শনি, সোম ও বৃহস্পতিবার এই হাট বসে। উপজেলার টেপামধুপুর, ভায়ারহাট, খানসামা, মিরবাগ হাটেও মরিচ বিক্রি হয়। ঢাকা, কুষ্টিয়া ও যশোর থেকে আসা পাইকারেরা এই বাজার থেকে মরিচ কিনে ট্রাকে করে নিয়ে যান। অনেক পাইকার চরে গিয়ে খেত থেকেও সরাসরি মরিচ কিনে থাকেন। স্থানীয় বাজারে এখন প্রতি মণ মরিচ প্রকারভেদে ৮০০-৯০০ টাকা বিক্রি হচ্ছে। তকিপাল বাজারে আসা কুষ্টিয়ার ব্যবসায়ী খাদেমুল হক জানান, এখান থেকে সাত বছর ধরে মরিচ কিনে কুষ্টিয়ার বিভিন্ন এলাকার ব্যবসায়ীর কাছে তিনি বিক্রি করছেন। মরিচের ব্যবসার কিছু সমস্যার কথা তুলে ধরতে গিয়ে নজির দাহর চরের মিজানুর রহমান জানান, এ বছর তিনি পাঁচ একর জমিতে মরিচের চাষ করেছেন। কিন্তু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৌসুমের শুরুতে কম মূল্যে মরিচ বিক্রি করতে বাধ্য হন তিনি। ফড়িয়া চক্র এখান থেকে ১০-১১ টাকা কেজি দরে মরিচ কিনে নিয়ে চড়া দামে বিক্রি করছে। তাঁরা যা বলেন: বালাপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল হক বলেন, প্রতিবছর আশ্বিন-কার্তিক মাসে যখন বৃহত্তর রংপুরজুড়ে কাজের অভাব দেখা দেয়, তখন কাউনিয়া থাকে কর্মমুখর। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, এই উপজেলার অনেকেরই কৃষিজমি নেই। শীত মৌসুমে নদীর চরের ফাঁকা জমি কাজে লাগিয়ে দরিদ্র জনগোষ্ঠীর সচ্ছল হওয়াটা কম কথা নয়। উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, কাউনিয়ার ১৫টি চর আমাদের কাছে মরিচের ব্যাংক হিসেবে পরিচিত। এ মরিচ চাষে সাফল্যের পেছনে কৃষকের ভূমিকাই প্রধান।