তিস্তার চুক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে এবং আরও আলাপ-আলোচনা করেই এই সমস্যার সমাধান করা যাবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।আজ বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে মনমোহন সিং এই মন্তব্য করেন। বৈঠকটি আজ বিকেল চারটা পাঁচ মিনিটে শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়।বৈঠক শেষে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বিফ্রিংকালে সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো হয়েছে সময়ের প্রয়োজনে যাতে সেসব চুক্তি পরিবর্তন করা যায়, এ বিষয়টি নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে মনমোহন সিংকে আহ্বান জানানো হয়েছে। তবে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় বিএনপির পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়। এ ছাড়া সীমান্তে হত্যা বন্ধের জন্য মনমোহনের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।বৈঠকে টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে মনমোহনের অভিমত জানতে চাওয়া হলে তিনি জানান, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো কিছুই ভারত করবে না। পরিবেশগত দিকটি বিবেচনা করার পর জরিপ করে এ বিষয়ে ভবিষ্যতে চিন্তা করা হবে।ট্রানজিট প্রসঙ্গে বিএনপি তাদের অবস্থান তুলে ধরতে গিয়ে বলেছে, তারা বরাবরই কানেক্টিভিটির পক্ষে। দক্ষিণ এশিয়া বা এর বাইরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই যোগাযোগ বাড়ানো যেতে পারে। মনমোহন খালেদা জিয়াকে বলেন, ‘ভবিষ্যতে দুই রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপনার এবং বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারব। এ বিষয়ে আমাদের আরও আলোচনা হবে।’ আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন তিনি।বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শমসের মবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।