তিস্তার পানিবণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করেছে ঢাকা ও দিল্লি
বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা আজ সোমবার তিস্তা ও ফেনী নদীর প্রস্তাবিত পানিবণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরের সময় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে দুই দেশের কর্মকর্তারা আশা করছেন।এ বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের পানিসম্পদ সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান ও ভারতীয় সচিব বিজয় সিং এ দুটি নদীর প্রস্তাবিত পানিবণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করেছেন।তবে বৈঠক শেষে যুক্ত বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমারসহ অন্যান্য নদীর পানিবণ্টনের বিষয় নিয়েও আলোচনা করেছে। এ ছাড়া তাঁরা ইছামতি নদী খনন এবং অভিন্ন নদীগুলোর তীর সংরক্ষণের বিষয় নিয়েও আলোচনা করেছেন।এদিকে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী পানিসম্পদ সচিব ওয়াহিদ-উজ-জামান ভারতের পানিসম্পদ মন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এ ছাড়া তাঁকে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসতে এবং বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে আলোচনা করার আমন্ত্রণ জানান।ওয়াহিদ-উজ-জামান বলেন, তিনি মূলত ভারতের পানিসম্পদমন্ত্রীকে ঢাকায় জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য এ সফরে এসেছেন। তিনি বলেন, ‘আমরা তাঁর সঙ্গে বৈঠক করেছি এবং বাংলাদেশের পানিসম্পদমন্ত্রীর আমন্ত্রণপত্র তাঁকে দিয়েছি।’ বাসস।