নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তাসহ বিভিন্ন অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। সফররত বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।নয়াদিল্লির ওবেরয় হোটেলে ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় আলোচনা শেষে রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের বলেন, সব বিষয় নিয়ে অত্যন্ত হূদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তাঁরা আলোচনা চালিয়ে যেতে চান। অবশ্য আলোচনার ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।আলোচনার আগে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিস্তার পানিবণ্টন ইস্যুটি দুই দেশের জন্যই একটি জটিল সমস্যা। বাংলাদেশ আশা করছে, এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। যৌথ নদী কমিশনের বৈঠকের পর ভারতের পানিসম্পদমন্ত্রীসাংবাদিকদের বলেন, অত্যন্ত ভালো পরিবেশে আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষই ইতিবাচক ও নিজ নিজ দৃষ্টিভঙ্গির নিরিখে আলোচনা এগিয়ে নিতে চান। আজ শুক্রবার ফের আলোচনা শুরু হবে।বিভিন্ন সূত্রে বলা হয়েছে, তিস্তার পানিবণ্টনসহ নানা বিষয়ে দুই দেশের মধ্যেই বেশ মতপার্থক্য রয়েছে।যৌথ নদী কমিশনের এবারের বৈঠকে দীর্ঘ পাঁচ বছর পর উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পানিসম্পদমন্ত্রী সুবাস নাসকর। তিনি সাংবাদিকদের জানান, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে। নেতিবাচক কোনো কিছু তাঁর চোখে পড়েনি। তিস্তার পানিবণ্টন, ইছামতী নদী খনন ও ফারাক্কা বাঁধ নিয়ে তাঁরা আলোচনা করলেও কোনো সিদ্ধান্ত হয়নি।মন্ত্রী পর্যায়ের বৈঠকের সঙ্গে ওবেরয় হোটেলে বাংলাদেশের পানিসম্পদসচিব শেখ ওয়াহিজউদ্দিন ও ভারতের পানিসম্পদসচিব ইউ এন পানজিয়ার প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। যৌথ নদী কমিশনের বৈঠকে দুই দেশের পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেন ও ওয়াহিজউদ্দিন ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিম। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস আজকের আলোচনায় অংশ নেবেন।দীর্ঘ পাঁচ বছর পর মন্ত্রী পর্যায়ে দুই দিনব্যাপী এ বৈঠক হচ্ছে।