তিস্তার পানির সমান ভাগ চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-বাংলাদেশের অন্যতম প্রধান অভিন্ন নদী তিস্তার পানির সমান ভাগ চায় বাংলাদেশ। তবে এই ভাগাভাগি নদীটির অববাহিকার ওপর নির্ভরশীল জনসংখ্যার ভিত্তিতে হতে পারে। এভাবেই চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে।নদীটির ভারতীয় অংশে গজলডোবা বাঁধ এলাকায় শুকনো মৌসুমের (অক্টোবর-এপ্রিল) প্রকৃত প্রবাহ থেকে নদী খাত ও পরিবেশ রক্ষায় ৪৫০ কিউসেক পানি বরাদ্দ রেখে বাকি পানি ওই বিবেচনায় বণ্টনের চুক্তি হবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সূত্রগুলো জানায়, চুক্তিটি হবে ১৫ বছরের জন্য, অন্তর্বর্তীকালীন। এই সময়ে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে দুই দেশ চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবে।৬-৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে ফেনী নদীর পানিবণ্টনেও একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এ চুক্তিতে উভয় দেশের বর্তমান ব্যবহারসহ সর্বোচ্চ ৬০ কিউসেক পানি প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে সূত্র জানায়।২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও নীতিগত সমঝোতা হয়। ওই বৈঠকের পর প্রকাশিত যৌথ ইশতেহারে দুই দেশের দুই পানিসম্পদমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয় যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠানের। সে অনুযায়ী ওই বছরের ১৭-২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত জেআরসির বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।ওই বৈঠকে বাংলাদেশ সমতা, ন্যায়ানুগতা ও পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে ১৫ বছরের জন্য তিস্তা নদীর পানিবণ্টনের অন্তর্বর্তীকালীন একটি চুক্তির খসড়া উপস্থাপন করে। সেই খসড়ায় তিস্তার পানির সমান ভাগ দাবি করা হয়। অন্যদিকে ভারত যৌথ প্রবাহ পর্যবেক্ষণের ভিত্তিতে ‘স্টেটমেন্ট অব দ্য প্রিন্সিপালস অব দ্য শেয়ারিং অব দ্য তিস্তা ওয়াটারস ডিউরিং ড্রাই সিজন’ উপস্থাপন করে। এই দুই প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে জেআরসির ওই বৈঠকে দুই দেশের দুই পানিসম্পদসচিবকে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।এরপর গত ১০ জানুয়ারি দুই দেশের পানিসম্পদসচিব পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়। ওই বৈঠকে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তির দুটি খসড়া কাঠামো নিয়ে বিশদ আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হয়। কূটনৈতিক সূত্রগুলো জানায়, সেখানে ভারত ও বাংলাদেশ তিস্তার পানির যথাক্রমে ৫২ ও ৪৮ শতাংশ পাবে বলে উল্লেখ রয়েছে। ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় জেআরসির ৩৮তম সভায় খসড়াটি চূড়ান্ত হওয়ার এবং চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।কূটনৈতিক সূত্র জানায়, জেআরসির দিল্লি বৈঠকে আরও ছয়টি অভিন্ন নদীর (মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার) পানিবণ্টনসহ অনেক বিষয় আলোচিত হয়েছিল। কিন্তু ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জেআরসির বৈঠকটি সংক্ষিপ্ত হবে। তাই সেখানে শুধু তিস্তা ও ফেনী নদীর অন্তর্বর্তীকালীন পানিবণ্টন চুক্তি চূড়ান্ত হবে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তা স্বাক্ষরিত হবে। তিস্তার পানির হিস্যা বা অংশীদারি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের, বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা উদ্বেগ ছিল। তিস্তার পানিবণ্টন চুক্তির ফলে তাঁর রাজ্যের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে তিনি বিশেষভাবে নজর রাখছিলেন। সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বিষয়টি তাঁকে সবিস্তারে অবহিত করেছেন। কূটনৈতিক সূত্রগুলো জানায়, ওই বৈঠকের পর তিনি নিশ্চিত হয়েছেন যে তাঁর রাজ্যের স্বার্থ বিঘ্নিত করে তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না।প্রমত্তা তিস্তা নদীর উৎস ভারতের উত্তর সিকিমের সো লামো হ্রদ। সেখান থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে তিস্তা লালমনিরহাট দিয়ে বাংলাদেশে ঢুকে প্রায় ১২৪ কিলোমিটার পথ বেয়ে ব্রহ্মপুত্রে পড়েছে। তিস্তার ওপর ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে সেচখাল দিয়ে সারা বছর সন্নিহিত অঞ্চলে সেচের পানির সংস্থান করা সম্ভব। একই সঙ্গে বাড়তি পানি আটকে উভয় দেশে বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং পানিবিদ্যুৎ উৎপাদনেরও অমিত সম্ভাবনা রয়েছে।