ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরের সময় তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে একটি চুক্তি হওয়ার কথা। চুক্তি অনুযায়ী ৭৫ শতাংশ পানি ভারত ও বাকি ২৫ শতাংশ পাবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মালদহ জেলা থেকে লোকসভায় নির্বাচিত ক্ষমতাসীন কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী গতকাল বৃহস্পতিবার বিবিসিকে এ কথা জানিয়েছেন।আবু হাসেম জানান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন তাঁকে পানিবণ্টনের এ হিসাব দিয়েছেন। তিনি বলেন, ‘আজ আমাদের বৈঠক হয়েছে। শিবশঙ্কর বলেছেন, যে পরিমাণ পানি থাকবে, তার ৭৫ শতাংশ ভারত নেবে এবং ২৫ শতাংশ বাংলাদেশকে দেবে। আমরা এখন ৩৯ শতাংশ পানি নিচ্ছি। চুক্তি অনুযায়ী ৭৫ শতাংশ পাব। এটা ঠিক আছে।’ওই সাংসদ আরও জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তিতে পানির পরিমাণ নির্দিষ্ট করা ছিল। কিন্তু এখানে যখন যে পরিমাণ পানি থাকবে সেই পানির ৭৫ শতাংশ ও ২৫ শতাংশ ভাগ হবে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরাও তিস্তার পানিবণ্টনের ফলে স্থানীয় বাসিন্দাদের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল।তিস্তার পানিবণ্টন হলে উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন কি না বা তারা প্রয়োজনীয় পানি পাবেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ আশঙ্কা দূর করতে শিবশঙ্কর মেনন গত বুধবার মমতার সঙ্গে দেখা করেন। ওই আলোচনা সম্পর্কে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের মানুষের চাহিদা অনুযায়ী পানি পাওয়া গেলে তিস্তা চুক্তিতে মমতার কোনো আপত্তি নেই।